বিশ্ব স্কুল দাবায় অংশগ্রহণের জন্য সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের কাজাখস্তান যাত্রা
Printed Edition
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগ শাখার শিক্ষার্থীরা কাজাখস্তানে অনুষ্ঠিতব্য বিশ্ব স্কুল দাবা প্রতিযোগিতা ২০২৬-এ অংশগ্রহণের জন্য যোগ্যতা অর্জন করেছে। বিশ্ব দাবা সংস্থা ফিদের আয়োজনে আগামী ১১ এপ্রিল পর্যন্ত কাজাখস্তানের আলমতি শহরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এশিয়া জোনাল পর্যায়ে বাংলাদেশের সাউথ পয়েন্ট স্কুলসহ ২০টি দেশের স্কুল দাবা দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। কাজাখস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগের আগে সাউথ পয়েন্ট স্কুল দাবা দল প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল মো. শামসুল আলম, পিএসসি (অব:) দলের সফলতা কামনা করেন এবং দলীয় প্রধান, অধিনায়কসহ সব খেলোয়াড়কে অভিনন্দন জানান। দলের খেলোয়াড়রা হলেন- সাফায়াত কিবরিয়া আজান, মুহতাদি তাজওয়ার নাশিদ, সিদরাতুল মুনতাহা ও আজান মাহমুদ। অধিনায়ক হিসেবে আছেন লুৎফা ববি এবং দলের নেতৃত্ব দিচ্ছেন প্রতিষ্ঠানের শিক্ষক ও স্পোর্টস কো-অর্ডিনেটর মো. শওকত সিদ্দিকী। উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতা-২০২৫-এ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগ শাখার শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ দাবা ফেডারেশন প্রতিষ্ঠানটিকে বিশ্ব স্কুল দাবা প্রতিযোগিতা-২০২৬-এ অংশগ্রহণের জন্য মনোনীত করে।