কিশোরগঞ্জের ৩টি আসনে ১০ জনের মনোনয়ন বাতিল

Printed Edition

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। আসলগুলো হলো- কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম), কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)। ওই আসনগুলোতে মোট ২৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ১০ জনের মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শেখ মুজিবুর রহমান ইকবাল ও জেলার একমাত্র স্বতন্ত্র নারী প্রার্থী কিশোরগঞ্জ-৪ আসনের কাজী রেহা কবির সিগমা।

গত শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে ১৯ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুর রহিম মোল্লার এক শতাংশ সর্মথক ভোটারের তথ্য সঠিক না থাকায়, স্বতন্ত্র প্রার্থী শাহীন রেজা চৌধুরীর হলফনামায় নিজের স্বাক্ষর না থাকায়, স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবিরের এক শতাংশ সর্মথক ভোটারের তথ্য সঠিক না থাকায় এবং বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী খাইরুল ইসলাম ঠাকুরের হলফনামা সঠিক ফরম্যাটে দাখিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এ আসনে বিএনপির প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক নেতা মো: রুকন রেজা শেখসহ পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

কিশোরগঞ্জ-৫ আসনে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ও দলটির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল তার বিরুদ্ধে থাকা মেরিন আদালতের মামলার তথ্য গোপন রাখায় তার মনোনয়ন বাতিল হয়। এ ছাড়া, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের (যা নিবন্ধিত নয়) সভাপতি এ এইচ এম কাইয়ুমের (হাসনাত কাইয়ুম) এক শতাংশ সর্মথক ভোটারের তথ্য সঠিক না থাকায় তার মনোনয়ন বাতিল হয়। এ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: রমজান আলীসহ ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষিত হয়।

কিশোরগঞ্জ-৬ আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী নজরুল ইসলাম তার মনোনয়নপত্রে সম্পদ ও দায় এর তথ্য পূরণ না করায়, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ডা: মোহাম্মদ হাবিল মিয়ার সম্ভাব্য অর্থ প্রাপ্তি, সম্পদ ও দায় এর তথ্য অসম্পূর্ণ থাকায়, জাতীয় পার্টি মোহাম্মদ আয়ুব হোসেন মনোনয়নপত্রে সম্পদ ও দায় এবং বার্ষিক আয়ের বিবরণীতে তথ্য না দেয়ায়, স্বতন্ত্র প্রার্থী শরীফুল হক জয়ের এক শতাংশ সর্মথকের তথ্য সঠিক না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে জেলা বিএনপির সভাপতি ও বিএনপির প্রার্থী মো: শরীফুল আলম ও ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মূছা খানসহ ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষিত হয়।

মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সংশ্লিষ্ট আসনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।