খুলনায় এনসিপি নেতা মোতালেবকে গুলি করায় অভিযুক্ত তন্বি কারাগারে

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে (৪০) গুলি করা মামলায় অভিযুক্ত জাতীয় যুবশক্তির খুলনা জেলার যুগ্ম সদস্যসচিব তানিয়া তন্বিকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিন তাকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামানের আদালতে তোলা হলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ।

এর আগে মামলাটি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়। গত সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন আল আকসা মসজিদ সরণির ১০৯ নম্বর রোডের মুক্তা হাউজের নিচতলায় তানিয়া তন্বির ফ্ল্যাটে মোতালেব শিকদারকে গুলি করা হয়। মামলায় একমাত্র গ্রেফতার তানিয়া তন্বি নিজেকে দেড় মাসের অন্তঃসত্ত্বা বলে দাবি করেছেন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে এ বিষয়ে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে এখনো রিপোর্ট পাওয়া যায়নি বলে জানান ডিবির ওসি তৈমুর ইসলাম।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে মোতালেব শিকদারের স্ত্রী ফাহিমা আক্তার বাদি হয়ে ছয়-সাতজন অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা করেছেন। এই মামলায় আটক তানিয়া তন্বিকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার রাতে তাকে নগরীর টুটপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার অধিক তদন্তের জন্য বুধবার ডিবিতে হস্তান্তরর করা হয়েছে।

তিনি আরো বলেন, ঘটনার দিন ওই ফ্ল্যাট এবং আশপাশে মোতালেব শিকদার, তানিয়া তন্বি এবং তার স্বামী তানভীর শেখসহ ১০ জন উপস্থিত ছিল। তাদের মধ্যে একটি শীর্ষ সন্ত্রাসী সংগঠনের কয়েকজন সদস্যের উপস্থিত থাকার বিষয়ে তথ্য পাচ্ছি। চাঁদাবাজি, মাদক (ইয়াবা) ভাগবাটোয়ারার বিষয়গুলো নিয়ে তদন্ত করা হচ্ছে। মোতালেব শিকদার, তানিয়া তন্বি এবং স্বামী তানভীর শেখ নিয়মিত মাদক সেবন করতেন। মোতালেবের ব্যাপারেও আলাদা তদন্ত করে দেখা হচ্ছে। তবে আহত মোতালেবের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। সোমবার আহত হওয়ার পর সে পুলিশের সাথে কথা বলেছে। কিন্তু এখন গুরুতর অসুস্থ হওয়ার ভান করছে। সে পুলিশ দেখলেই বোবা হয়ে যাচ্ছে। ইশারা ও অঙ্গভঙ্গি দিয়ে কথা বলছে। কোনো কথা জিজ্ঞেস করলে কলম দিয়ে আঁকাবাঁকা কী সব খাতায় লিখে দিচ্ছে,আমরা বুঝতে পারছি না। সে সুস্থ হওয়ার পর জ্ঞিাসাবাদ করা হবে। আর ঘটনার পর থেকে তন্বির স্বামী তানভীর শেখ পলাতক রয়েছেন।