‘কুকুর’ উদ্ধারে গিয়ে ভিন্ন বাস্তবতা

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক অদ্ভুত ঘটনাড় সাক্ষী হলেন উদ্ধারকারীরা। কারণ তারা প্রথমে যা ভেবেছিলেন, বাস্তবে তা ছিল সম্পূর্ণ ভিন্ন। পানিতে ভাসতে থাকা একটি প্রাণীকে কুকুর মনে করে উদ্ধার করতে গিয়ে পরে তারা বুঝতে পারলেন, সেটি আসলে একটি কায়োটি বা নেকড়ে শাবক। কেপ কোরাল ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ব্রিটানিয়া লেকের একটি খালে কুকুরসদৃশ একটি প্রাণী ভাসছে- এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। তারা প্রাণীটিকে নজরে রেখে অনুসরণ করতে থাকে। এক সময় সেটি একটি জেটির নিচে আশ্রয় নিলে উদ্ধারকর্মীরা সুযোগ বুঝে নিরাপদে পানির বাইরে তুলে আনেন।

তবে উদ্ধার শেষে চমকপ্রদ তথ্য সামনে আসে। প্রাণীটি কোনো কুকুর নয় বরং একটি কায়োটি শাবক। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে সেটি তখন বেশ ক্লান্ত ও অবসন্ন ছিল। উদ্ধারকারীরা তাৎক্ষণিকভাবে শাবকটিকে ছেড়ে না দিয়ে চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য একটি প্রাণী পরিচর্যা কেন্দ্রে পাঠান। সেখানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় যতœ নেয়া হচ্ছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। উদ্ধার অভিযানে সহায়তা করায় ডেনাই জুড এবং তার প্রতিবেশী ব্রায়ানকে বিশেষভাবে সম্মাননা দেয়া হয়েছে। ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, তাদের দ্রুত পদক্ষেপ ও সহযোগিতার কারণেই প্রাণীটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।