সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

রূপগঞ্জে ছেলের অত্যাচারের প্রতিবাদে মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার ছেলে সুমন আহমেদ ও পুত্রবধূ খুশবু আক্তারের অত্যাচারের প্রতিবাদে বাবা নাসির উদ্দিন ও মা রোকসানা বেগম মামলা করেছেন। পরে তাদের আত্মীয়স্বজন নিয়ে মানববন্ধন করেছেন ওই বাবা-মা। গতকাল বরপা- সুতালরা সড়কের কেরামবোর্ড মোড়ে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনপূর্বক সভায় বক্তব্য রাখেন ভুক্তভোগী পিতা নাসির উদ্দীন, মা রোকসানা বেগম, সমাজসেবক ওমর ফারুক ও আসলাম মোল্লা প্রমুখ। সভায় ভুক্তভোগী পিতা নাসির উদ্দীন বলেন, ছেলে সুমন আহমেদ ও পুত্রবধূ খুশবু আক্তার দীর্ঘদিন ধরে পিতা নাসির উদ্দিন ও মাতা রোকসানা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করছে। সুমন আহমেদ পিতা-মাতার ভরণ-পোষণ দিচ্ছেন না। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।


বেনাপোলে শাড়ি থ্রিপিসের চালান আটক

যশোরের বেনাপোল স্থলবন্দরে সিন্থেটিক ফেব্রিক্স ঘোষণার আড়ালে শাড়ি ও থ্রি পিসের চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পণ্যটির আমদানিকারক ছিল ঢাকার নুসরাত ট্রেডিং বেনাপোল কাস্টমস থেকে মাল মাল ছাড় করানোর কাজে নিয়োজিত ছিল খাজা এন্টারপ্রাইজ নামে এক সি এন্ড এফ এজেন্ট। তবে এ সিএন্ডএফ এজেন্টের বিলঅবএন্টি পেপার ভাড়া নিয়ে কাস্টমস থেকে পণ্য ছাড় করণেনর কাজ করছিলেন ইব্রাহিম নামে এক ব্যক্তি। গতকাল রোববার বিকালে বন্দরের ১৯ নম্বর সেড থেকে পণ্য চ্যানেলটি আটক করা হয়। কাস্টমস সূত্রে জানা গেছে, ঢাকাস্থ ‘নুসরাত ট্রেডিং’ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান শনিবার ভারত থেকে ২৬০ প্যাকেজের সিন্থেটিক ফেব্রিক্সের একটি চালান আমদানি করেন। আমদানীকৃত পণ্যটি বন্দরের ১৯ নম্বর শেডে রাখা হয়। গোপন সংবাদের মাধ্যমে জানা যায় পণ্য চালালে সিন্থেটিক ফেব্রিক্সের আড়ালে ঘোষণাবহির্ভূত বিপুল পরিমাণে শাড়ি আমদানি করা হয়েছে। বেনাপোল (যশোর) সংবাদদাতা।


রহনপুরে ডিজেল মজুদ, প্রশাসনের জরিমানা

গাড়িতে অবৈধভাবে ডিজেল তেল মজুদ করায় চালককে আটক করে গোমস্তাপুর রহনপুর মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশন কর্র্তৃপক্ষ গত পরবর্তীতে চালককে জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। শনিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা। অভিযোগসূত্রে জানা যায়, রহনপুর মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশন একটি গাড়িতে ১০ লিটার ডিজেল তেল অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। বিষয়টি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা ঘটনাস্থলে উপস্থিত হন। সরকারি আদেশ অমান্য করে এভাবে তেল মজুদ রাখার অপরাধে ভোলাহাট উপজেলার বারইপাড়া এলাকার আয়েশের ছেলে দুরুলকে ১০০০ টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা জানান, ‘চালককের আর্থিক অবস্থা বিবেচনায় জব্দকৃত তেল বাজেয়াপ্ত না করে তা গাড়ির ট্যাঙ্কে ভরে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।


আগুনে পুড়ে গেছে ৩টি বাস

কুমিল্লায় বাসস্ট্যান্ডে থাকা তিন বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনটি গাড়ি পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। রোববার (৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কুমিল্লার কেন্দ্রীয় বাস টার্মিনাল জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো: সিরাজুল মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, রয়েল পরিবহনের তিনটি বাস টার্মিনালে রাখা হয়। দুপুর দেড়টার দিকে দাঁড়িয়ে থাকা ওই তিনটি বাসে বখাটেরা বসে মাদক সেবন করছিল। এ সময় তাদের সাথে থাকা লাইটার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দৃশ্যমান হওয়ার সাথে সাথে তারা দৌড়ে পালিয়ে যায়। এ সময় তাদের ধাওয়া করেও আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কুমিল্লা প্রতিনিধি।


কিশোরগঞ্জে লোডশেডিং

কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির আওতাধীন বিভিন্ন উপজেলায় টানা চার দিন লোডশেডিং ও লো-ভোল্টেজে ভোগান্তি বাড়ছে। বিশেষ করে করিমগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সঙ্কটে বোরো ধানের সেচ কার্যক্রম ও শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। সদর, হোসেনপুর, পাকুন্দিয়া, নিকলী, ইটনা, মিঠামইন, কটিয়াদী ও তাড়াইল উপজেলাতেও একই পরিস্থিতির কথা জানিয়েছেন গ্রাহকরা। পল্লীবিদ্যুৎ কার্যালয় ও গ্রাহকসূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত প্রতিদিন গড়ে ১২ থেকে ১৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। দিন ও রাতে প্রায় প্রতি দুই ঘণ্টা পরপর এক ঘণ্টা করে বিদ্যুৎ থাকে না। ফলে ২৪ ঘণ্টায় ২০ থেকে ২৫ বার বিদ্যুতের আসা-যাওয়া হচ্ছে। লো-ভোল্টেজের কারণে বাসাবাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হওয়ার অভিযোগও রয়েছে। বোরো মৌসুমে করিমগঞ্জ উপজেলার বিভিন্ন কৃষিজমিতে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলার খয়রত গ্রামের কৃষক ওমর সিদ্দিক বলেন, দিন-রাতে ৭ থেকে ৮ ঘণ্টার বেশি বিদ্যুৎ পাই না। এখন সেচের সময়, কিন্তু লোডশেডিংয়ের কারণে পাম্প চালানো যাচ্ছে না। সময়মতো পানি দিতে না পারলে আবাদ নষ্ট হওয়ার আশঙ্কা আছে। কিশোরগঞ্জ প্রতিনিধি।


ফটিকছড়িতে ডুবে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটার জন্য খুঁড়ে রাখা গর্তের পানিতে পড়ে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার ভুজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের আন্দারমানিক গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কলিম বাপের বাড়ির হাবিবুর রহমানের মেয়ে সাকি (৮) এবং একই বাড়ির জাকির হোসেনের মেয়ে সানজিদা (১১)। সম্পর্কে তারা প্রতিবেশী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলা করছিল সাকি ও সানজিদা। একপর্যায়ে তারা ইটভাটার মাটি কাটার ফলে সৃষ্ট গভীর গর্তে জমে থাকা পানিতে একজন পড়ে গেলে অন্যজন তাকে বাঁচাতে ঝাঁপ দেয়। কিন্তু গর্তটি গভীর হওয়ায় দু’জনেই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা।


চাঁদা না দেয়ায় প্রজেক্ট ম্যানেজার আহত

চট্টগ্রামের চন্দনাইশে একটি গার্ডার সেতু নির্মাণ কাজে বাধা ও চাঁদা না পেয়ে স্থানীয়দের হামলায় গুরুতর আহত হয়েছেন ঠিকাদারের প্রজেক্ট ম্যানেজার মো: আবু বক্কর (৫২)। ৪ এপ্রিল বিকেলে উপজেলা সাতবাড়িয়া হাজিরপাড়া মাদরাসার পাশে সেতু নির্মাণ কাজ চলাকালে এ সন্ত্রাসী হামলা চালায় সন্ত্রাসীরা। এ ব্যাপারে সেতু নির্মাণ কাজে নিয়োজিত মেসার্স নিপা এন্টারপ্রাইজের আহত প্রজেক্ট ম্যানেজার আবু বক্কর বাদি হয়ে চন্দনাইশ থানায় মো: ইব্রাহিম ও মো: আবসারের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। অভিযোগসূত্রে জানা গেছে, সেতু নির্মাণ কাজ চলাকালে সময় সময় স্থানীয় কয়েকজন প্রায় সময় কাজ বাধা দিয়ে আসছে। ঘটনার দিন তারা প্রজেক্ট ম্যানেজারের কাছে মোটা অঙোকর চাঁদা দাবি করেন। কিন্তু ওই ম্যানেজার টাকা দিতে অপরাগত হলে স্থানীয় কয়েজন মিলে তাকে এলোপাতাড়ি হামলা চালায় এতে তিনি গুরুতর আহত হন। পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা।


কালীগঞ্জে অবাধে ঢুকছে ফেনসিডিল

ঝিনাইদহের কালীগঞ্জে অবাধে ঢুকছে ফেনসিডিলের চালান। সীমান্তবর্তী এ অঞ্চল দিয়ে বড় মাদক চালান পাচারের চলছে দেদারসে। সীমান্তবর্তী জেলা হওয়ায় ঝিনাইদহের বিভিন্ন রুট ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা করে চোরাকারবারিরা। প্রশাসনের নিয়মিত অভিযানের পরেও ভারত থেকে আসা ফেনসিডিলের চালান কোনোভাবেই থামানো যাচ্ছেনা। উপজেলার কাশিপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৩২৪ বোতল অবৈধ মাদক ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। রোববার ভোররাত প্রায় ৪টায় উপজেলার কাশিপুর ব্রিজসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ভর্তি বোতলগুলো ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা।