বোয়ালমারীতে সহিংসতা
ক্ষতিগ্রস্তদের পাশে নবনির্বাচিত এমপি ড. ইলিয়াস মোল্লা
Printed Edition
বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলাতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম সমর্থিত নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড. মো: ইলিয়াস মোল্লা। গত রোববার দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার ময়েনদিয়া ও পরমেশ্বরদী গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ড. ইলিয়াস মোল্লা বলেন, কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। নির্বাচনী আসনকে শান্তিপূর্ণ রাখতে সবাইকে সহনশীল হতে হবে, যাতে মানুষ পরিবার-পরিজন নিয়ে নিরাপদে বসবাস করতে পারে। তিনি বলেন, সহিংসতার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। তাদের দ্রুত পদক্ষেপে ক্ষয়ক্ষতির মাত্রা অনেকটাই কমেছে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের নির্বাচনী সদস্য সচিব মাওলানা মো: শহিদুল ইসলাম, বোয়ালমারী উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা বিলাল হোসাইন, উপজেলা সেক্রেটারি মো: কামাল উদ্দিন, বোয়ালমারী পৌরসভা জামায়াতের আমির মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান, পৌর সেক্রেটারি হাফেজ মাওলানা সৈয়দ সাজ্জাদ আলী, পৌরসভা কর্মপরিষদ ও শূরা সদস্য মাওলানা মো: রফিকুল ইসলাম, পৌর যুব বিভাগের সভাপতি মুশফিকুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালথা উপজেলার খারদিয়া গ্রামের মুশফিক বিল্লাহ জিহাদের সমর্থক এবং পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনটি বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সংঘর্ষের সময় মসজিদসহ কয়েকটি স্থাপনায় পেট্রোল বোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে বাধা দিতে গিয়ে কমপক্ষে ২০ জন আহত হন।
খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড বোমা, রাবার বুলেট ও লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।