ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
সুনামগঞ্জে ৫টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত জামায়াতের ২ জনের মনোনয়ন সংগ্রহ
Printed Edition
তৌহিদ চৌধুরী প্রদীপ সুনামগঞ্জ
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে বিএনপি তাদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রকাশিত পত্রের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় সূত্র জানায়, ঘোষিত মনোনয়নের বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীরা ও তাদের সমর্থকেরা প্রচার করছেন। জেলা বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, সুনামগঞ্জ-১ আসন (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) থেকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আলহাজ মো: আনিসুল হক। সুনামগঞ্জ-২ আসন (দিরাই-শাল্লা) থেকে মনোনয়ন পেয়েছেন নাছির উদ্দীন চৌধুরী। সুনামগঞ্জ-৩ আসন (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ কয়ছর আহমেদ। সুনামগঞ্জ-৪ আসন (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) থেকে দলীয় প্রার্থী করা হয়েছে অ্যাডভোকেট নুরুল ইসলামকে। এ ছাড়া সুনামগঞ্জ-৫ আসন (ছাতক ও দোয়ারাবাজার) থেকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কলিম উদ্দিন আহমদ মিলন।
মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা জানান, বিএনপি মহাসচিবের স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নপত্র ইতোমধ্যে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের মাধ্যমে সুনামগঞ্জে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরো জোরদার হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
দলীয় সূত্র আরো জানায়, মনোনয়ন ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সাথে যোগাযোগ বাড়াচ্ছেন এবং সাংগঠনিকভাবে প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন।
এ দিকে মনোনয়ন ঘোষণার পর জেলা ও উপজেলাপর্যায়ের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে এবং দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান বিএনপি নেতাকর্মীরা।
জামায়াতের দুই প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ : এ দিকে গত বুধবার বিকেলে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সুনামগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জামায়াত নেতা অ্যাডভোকেট মুহাম্মদ শামস উদ্দীন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা আমির অধ্যক্ষ রুকন উদ্দিন, উপজেলা সেক্রেটারি মুসলিম উদ্দিন তালুকদার, নায়েবে আমির মোমতাজুল হাসান, পৌর আমির আব্দুস সাত্তার মো: মামুন, সদর উপজেলা সেক্রেটারি সোলেমান চৌধুরীসহ দলের অন্য নেতৃবৃন্দ।
এ সময় জামায়াত নেতারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে জনগণের সহযোগিতা কামনা করেন।