কুমিল্লায় দৈনিক সংগ্রামের সার্কুলেশন এক্সিকিউটিভের ওপর সন্ত্রাসী হামলা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিনয়ঘর (সাংবাদিক বাড়ি) গ্রামে দৈনিক সংগ্রামের সার্কুলেশন এক্সিকিউটিভ আব্দুস সোবহান ও স্ত্রী মহিফুল আক্তার সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। জাতীয় নির্বাচনের আগের দিন বুধবার তার পৈতৃক বাড়ির পাশের বাড়িতে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় আব্দুস সোবহান মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি।
তিনি জানান, ঢাকা থেকে গত মঙ্গলবার বাড়িতে আসেন। পরদিন বুধবার আনুমানিক বেলা ১টা ২০ মিনিটে ছোট ভাইয়ের বাসায় দুপুরের দাওয়াত খেয়ে বাসার পাশে এক লোকের সাথে কথা বলছিলেন। এ সময় হঠাৎ পরিকল্পনা অনুযায়ী আবুল কালাম, আরিফ, ফাহিমসহ অজ্ঞাত আরো ১০-১৫ জনের সন্ত্রাসীবাহিনী দেশীয় অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করে। এ সময় স্ত্রী মহিফুল আক্তার বাঁচাতে এগিয়ে এলে তাকেও হামলা করে আহত করে।
তিনি আরো বলেন, জামায়াতের রাজনীতি করায় কোনো কারণ ছাড়াই আমার ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। অতর্কিত হামলায় শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে।
সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এলাকায় দেখলে প্রাণে মেরে ফেলবে বলেও শাসিয়ে যায়।
এ ঘটনায় আব্দুস সোবহান মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। বিষয়টি পরে দেখবেন জানিয়ে ওসি তাকে থানা থেকে বের করে দেন বলে অভিযোগ করেন তিনি।