বগুড়ার ৭ আসনে অর্ধেকের বেশি নারী ভোটার

Printed Edition

বগুড়া অফিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলার সাতটি সংসদীয় আসনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১২টি উপজেলা নিয়ে গঠিত এই আসনগুলোতে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৬৭২ জন। বিশেষ বিষয় হলো, এবারের তালিকায় পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যাই বেশি।

ভোটার পরিসংখ্যান : পরিসংখ্যান অনুযায়ী, জেলায় মোট পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৪২ জন এবং নারী ভোটার ১৫ লাখ ৭৮৮ জন। এ ছাড়া হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার রয়েছেন ৪২ জন। আসনভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি (৫ লাখ ৭২ হাজার ১৪০ জন) এবং বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ভোটার সংখ্যা সবচেয়ে কম (৩ লাখ ৩৯ হাজার ১৭৩ জন)।

আসনভিত্তিক একনজরে ভোটার সংখ্যা- বগুড়া-১: ৩,৭৬,৫৯৫ জন। বগুড়া-২: ৩,৪২,১৫৫ জন। বগুড়া-৩: ৩,৩৯,১৭৩ জন। বগুড়া-৪: ৩,৫৯,৪৭৩ জন। বগুড়া-৫: ৫,৭২,১৪০ জন। বগুড়া-৬ (সদর): ৪,৫৪,০৪৩ জন। বগুড়া-৭: ৫,৩৮,০৯৩ জন।

নির্বাচনী প্রস্তুতি: বগুড়ার সাতটি আসনে মোট ৯৮৩টি ভোটকেন্দ্রের পাঁচ হাজার ৫৭৭টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রায় সাড়ে ২৪ হাজার ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন। স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন কমিশন ভোটকেন্দ্র সংস্কার ও সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে। এবারের হালনাগাদ তালিকায় প্রায় এক লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন এবং বাদ পড়েছেন প্রায় ৫০ হাজার মৃত বা স্থানান্তরিত ভোটার।

বগুড়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা বদ্ধপরিকর। নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে বিচারিক আদালত নিয়মিত কাজ করছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আমরা সাধারণ নাগরিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’ যেকোনো অভিযোগ বা নির্বাচনী অনিয়মের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার জন্য তিনি জেলার ভোটারদের প্রতি আহ্বান জানান।