স্যাটেলাইট ও মহাকাশ খাতে দেশের ভবিষ্যৎ নিয়ে বিএসসিএলের ডায়ালগ
Printed Edition
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) উদ্যোগে স্যাটেলাইট ও মহাকাশ খাতে বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে একটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সভাপতিত্ব করেন বিএসসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুশাসন নিশ্চিতকরণ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবেলায় স্যাটেলাইটের ব্যবহার বাড়ানো গেলে এর প্রকৃত সুফল পাওয়া যাবে। এতে জবাবদিহি নিশ্চিত হবে, দুর্নীতি ও অপরাধ কমবে। তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা, পানিসম্পদ ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনায় স্যাটেলাইট প্রযুক্তি অপরিহার্য। এ জন্য বিএসসিএলের সক্ষমতা বাড়ানো এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো লাভজনক কোম্পানিতে পরিণত হওয়ায় বিএসসিএলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আর্থ অবজারভেশন স্যাটেলাইটের মাধ্যমে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, আবহাওয়া ও বন খাতসহ বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ের নির্দিষ্ট সমস্যা সমাধান করা সম্ভব।
সভাপতির বক্তব্যে আব্দুন নাসের খান বলেন, বিএসসিএল আধুনিক স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং আগামী বছরগুলোতে প্রযুক্তিগত বৈচিত্র্য এনে বিভিন্ন খাতে কার্যকর সমাধান প্রদানে ভূমিকা রাখবে।
ডায়ালগে অংশ নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো: জাবের বলেন, সাশ্রয়ী মূল্যে মাছ ধরার নৌকা ট্র্যাক করা গেলে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন বলেন, রিমোট সেন্সিং গবেষণা ও উদ্ভাবনে বিএসসিএলের সাথে যৌথভাবে কাজ করা হবে। কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো: এমদাদ উল্ল্যাহ মিয়ান বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্যাটেলাইটভিত্তিক তথ্য বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো: ইমাদুর রহমান। এ ছাড়া ব্লু ইকোনমি ও মহাকাশ শিল্পে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞরা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।