বরিশালে ড. বদিউল আলম

সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক অঙ্গনকেও পরিচ্ছন্ন করা দরকার

Printed Edition
back-3
বরিশালে সুজনের বিভাগীয় সংলাপে ড. বদিউল আলম মজুমদারসহ অতিথিরা : নয়া দিগন্ত

বরিশাল ব্যুরো

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশনকে (ইসি) গঠন করা হয়েছে সাংবিধানিক স্বাধীনভাবে। তাদের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কিন্তু অতীতে দেখা গেছে, ইসি পক্ষপাতিত্বভাবে গঠন করা হয়েছে। তারা আমাদের নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। গত ১৬ বছর আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছি। এর জন্য আমাদের ইসিকে সংস্কার, শক্তিশালী ও কার্যকর করা দরকার। তাহলেই সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে। গতকাল বরিশালে সুজনের ‘জুলাই অভ্যুত্থান আকাক্সক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ শীর্ষক বিভাগীয় সংলাপের উদ্দেশ্য বর্ণনা দিতে গিয়ে প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নগরীর সদর রোডের বিডিএস মিলনায়তনে সুজন বরিশাল জেলা ও মহানগর কমিটি এ সংলাপ আয়োজন করে।

কবি রবিন্দ্রনাথের একটি গানের লাইনের সাথে মিল রেখে ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘তোরা যে যা বলিস ভাই আমার এমপি হওয়া চাই’ ওই মানসিকতা থেকে বেরিয়ে এলে তবে আমরা আশা করতে পারি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আর আমাদের ট্রেনটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটি বড় বাধা হচ্ছে আমাদের নির্বাচনী অঙ্গন অপরিচ্ছন্ন। নির্বাচনী অঙ্গনে অনেক অনাকাক্সিক্ষত ব্যক্তি প্রবেশ করেছে। সুস্পষ্টভাবে বলতে গেলে আমাদের নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্ত ঢুকে গেছে। একই সাথে আমাদের রাজনৈতিক অঙ্গনও কলুষিত। যত অন্যায় অবিচার হয় তা রাজনৈতিক ছত্রছায়ায় হয়। আর বড় বড় দুর্নীতি হয় আমলা ব্যবসায়ী ও রাজনীতিবিদদের যোগসাজশে। তাই নির্বাচন অঙ্গনকে পরিষ্কার করা দরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক অঙ্গনকেও পরিচ্ছন্ন করা দরকার।

সুজন সম্পাদক বলেন, নির্বাচনী ও রাজনৈতিক অঙ্গনে যে দুর্বৃত্ত তার চালিকাশক্তি হচ্ছে কালো টাকা। এই টাকার প্রভাবও আমাদের দূরীভূত করা দরকার। এটা করতে হলে অনেকগুলো সংস্কার দরকার। অনেকগুলো আইনি কাঠামোতে পরিবর্তন আনা দরকার।

এর আগে সকাল ১০টায় শুরু হওয়া এই সংলাপে বরিশাল বিভাগের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী, নাগরিক সমাজ ও সাংবাদিকরা অংশ নেন।