মার্কিন যুদ্ধজাহাজের হরমুজ অতিক্রমের দাবি ইরানের প্রত্যাখ্যান

Printed Edition

তাসনিম নিউজ এজেন্সি

মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে ওয়াশিংটন যে দাবি করেছে, তা প্রত্যাখ্যান করেছে ইরানের সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। শনিবার তারা জানায়, মাইন অপসারণ অভিযানের অংশ হিসেবে দু’টি ডেস্ট্রয়ার এই কৌশলগত নৌপথে প্রবেশ করেছে বলে যে দাবি করা হয়েছে তা সত্য নয়।

খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারির বক্তব্য উদ্ধৃত করা হয়। তিনি বলেন, ‘মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর হরমুজ প্রণালীতে প্রবেশ এবং অগ্রসর হওয়ার বিষয়ে সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের দাবি ভিত্তিহীন।’

জোলফাঘারি আরো বলেন, ‘যেকোনো নৌযানের ট্রানজিট এবং চলাচলের বিষয়টি সশস্ত্র বাহিনীর হাতে রয়েছে।’ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নৌ শাখা পরে একটি বিবৃতি দেয়। সেখানে তারা হরমুজ প্রণালীর ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ এবং দক্ষ ব্যবস্থাপনা বজায় রাখার কথা জানায়। তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত ওই বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, নির্দিষ্ট নিয়ম ও মানদণ্ডের অধীনে শুধু সামরিক নয় এমন নৌযানগুলোকে এই প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেয়া হয়।