গ্যাসলাইটার কারখানায় আগুন : গ্রেফতার ইমান ৩ দিনের রিমান্ডে
Printed Edition
আদালত প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার মো: ইমান উল্লাহ ওরফে মাস্তানকে (৫০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল এ বিষয়ে শুনানি শেষে ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: তানভীর আহমেদের আদালত এ আদেশ দেন।
এর আগে, গত রোববার কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে ইমান উল্লাহকে গ্রেফতার করে পুলিশ। ওই দিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো: রফিকুল ইসলাম। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য ৬ এপ্রিল তারিখ নির্ধারণ করেন।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, গত ৪ এপ্রিল দুপুরে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, কারখানায় মজুদ দাহ্য পদার্থ বা গ্যাসলাইটারের কাঁচামাল থেকেই আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এবং বেশ কয়েকজন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আবেদনে আরো বলা হয়, আসামি ইমান উল্লাহ এই ঘটনার মূল হোতা। তার নেতৃত্বে অজ্ঞাত সহযোগীদের সহায়তায় অবৈধভাবে বিপজ্জনক দাহ্য পদার্থ মজুদ করে কারখানাটি পরিচালনা করা হচ্ছিল, যা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে বহু মানুষ হতাহত হয়েছেন এবং আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার মূল রহস্য উদঘাটনসহ পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হবে।
অন্য দিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।