জাল ভোট, ব্যালট ছিনতাইসহ নানা অভিযোগে আটক ২২, জেল-জরিমানা
দ্রুত পদক্ষেপ নেয়ায় বড় ধরনের সহিংসতা এড়ানো সম্ভব হয়েছে : প্রশাসন
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন জেলায় জাল ভোট প্রদান, ব্যালট পেপার ছিনতাই, ককটেল বিস্ফোরণ, ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার, ভুয়া পরিচয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা ও সংঘর্ষের ঘটনায় অন্তত ২২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক কারাদণ্ড দিয়েছেন, আবার কয়েকজনের বিরুদ্ধে বিচারিক আদালত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। প্রশাসনের দাবি, দ্রুত পদক্ষেপ নেয়ায় বড় ধরনের সহিংসতা এড়ানো সম্ভব হয়েছে এবং অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার মোল্লাকান্দিতে মাকহাটি গুরুচরণ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেনাবাহিনীর টহল দল দ্রুত এলাকায় অবস্থান নেয় এবং সন্দেহভাজনদের খোঁজে অভিযান চালায়। পরে ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও ২১টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- ইমরান হোসেন, হাবু মাঝি, জয় মাঝি ওরফে পারভেজ মাঝি, কামাল সরকার, রহমত মাঝি ও নাহিদ শিকদার। ১৯ বীর মাওয়া সেনানিবাসের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ বলেন, নির্বাচনী পরিবেশ নষ্টের অপচেষ্টা রুখতেই দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে। আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার পর কেন্দ্র এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়।
কুমিল্লা প্রতিনিধি জানান, লালমাই উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা ও ব্যালট ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনা ঘটে। এ সময় ধানের শীষ প্রতীকে সিল মারা ৩৮টি ব্যালট উদ্ধার করা হয়। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো: আমজাদ হোসেন বলেন, একদল ব্যক্তি জোর করে কেন্দ্রে ঢুকে তিনটি ভোটকক্ষে প্রবেশ করে ব্যালটে সিল মারার চেষ্টা করে। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তৎপরতায় কোনো সিল মারা ব্যালট বাক্সে ঢুকতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। প্রায় দেড় ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, উদ্ধার হওয়া ব্যালটগুলো নষ্ট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঝালকাঠি প্রতিনিধি জানান, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অন্যের নামে ভোট দিতে গিয়ে ছাবিলা বেগম নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়। উপস্থিত কর্মকর্তারা তার পরিচয় যাচাই করতে গিয়ে অসঙ্গতি পান। পরে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা রানীর আদালতে হাজির করা হলে আরপিওর ৭৪(৫) ধারা অনুযায়ী দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। স্থানীয়রা বলেন, দ্রুত বিচার হওয়ায় ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
লালমনিরহাট প্রতিনিধি জানান, আদিতমারী উপজেলার সরকারি জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পুলিশের পোশাক পরে প্রবেশের চেষ্টা করায় এক নারীকে আটক করা হয়েছে। নির্বাচনী ডিউটিতে থাকা সদস্যরা তার আচরণ সন্দেহজনক মনে করে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তিনি ভিন্ন ভিন্ন নাম-পরিচয় দেন। আদিতমারী থানার ওসি এনামুল হক বলেন, তার পরিচয় ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। তিনি কিভাবে পুলিশের পোশাক সংগ্রহ করেছেন, তা তদন্ত করা হচ্ছে।
গাজীপুর প্রতিনিধি জানান, কাপাসিয়ার ভাওয়াল চাঁদপুর এলাকায় একটি ভোটকেন্দ্রে মারামারি ও বিশৃঙ্খলার ঘটনায় বিএনপি ও ছাত্রদলের দুই সাধারণ সম্পাদক এবং জামায়াতের দুই কর্মীকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আলমগীর হোসেন। প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। আদালত সূত্র জানায়, তারা সংঘবদ্ধভাবে ভোটগ্রহণে বিঘœ সৃষ্টি ও ভোটারদের বাধা দেন। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়ার কয়রা ফাজিল ডিগ্রি মাদরাসা ভোটকেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে মো: রুবেল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কয়ড়া চরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং স্থানীয়ভাবে বিএনপির কর্মী হিসেবে পরিচিত। ভোটগ্রহণ চলাকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে যাচাই-বাছাইয়ে জাল ভোট দেয়ার অভিযোগ প্রমাণিত হলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হচ্ছে।
সালথা (ফরিদপুর) সংবাদদাতা জানান, ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে বিএনপি ও খেলাফত মজলিসের তিন নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। তারা হলেন- মাওলানা মো: আমজাদ হোসেন, আবুল কালাম ও মো: রবিউল। জয়ঝাপ, ইউসুফদিয়া ও নারানদিয়া কেন্দ্র এলাকা থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। সেনা কর্মকর্তারা বলেন, ভোটারদের স্বাভাবিক ভোটাধিকার প্রয়োগে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, রসুলপুর ইউনিয়নের সরাবাড়ী কেন্দ্রে হামলা চালিয়ে প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষরবিহীন দুই শতাধিক ব্যালট পেপার ছিনতাই করা হয়। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মান্নান নামে একজনকে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। অপরজনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছেড়ে দেয়া হয়।