জামালপুরে ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ প্রতিবাদে রেল অবরোধ

Printed Edition

জামালপুর প্রতিনিধি

জামালপুরে পৌর ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে রেল লাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রদলের একাংশ নেতাকর্মীরা। গত রোববার বেলা ১১টায় পৌর শহরের ফিসারিজ এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথ অবরোধ করা হয়। তারা হাতে লাল নিশান নিয়ে রেললাইনে বসে থাকা অবস্থায় ঢাকা থেকে আসা তিস্তা আন্তঃনগর ট্রেন প্রায় ৪০ মিনিট আটকে পড়ে।

পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৪০ মিনিটের মধ্যে ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে পদে থাকা নেতাকর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে নবগঠিত কমিটি করা হয়েছে। তারা এই কমিটির অনুমোদনের জন্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর সদর আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী শাহ মো: ওয়ারেছ আলী মামুনকে দায়ী করেছেন।

জানা গেছে, ২৪ ডিসেম্বর অনুমোদিত কমিটি নিয়ে পদ বঞ্চিত নেতাকর্মীরা মশাল মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করছেন।

জামালপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাদিউর রহমান রাব্বী বলেন, দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই করা নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিকট নতুন কমিটি গঠনের দাবি জানান।