বরিশালে কর্মজীবী নারীদের জন্য নেই হোস্টেল

Printed Edition

আযাদ আলাউদ্দীন বরিশাল ব্যুরো

বরিশাল মহানগরীতে কর্মজীবী নারীদের জন্য এখনো কোনো সরকারি মহিলা হোস্টেল বা নিরাপদ আবাসন ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে বিভিন্ন জেলা-উপজেলা থেকে কাজের প্রয়োজনে নগরীতে আসা নারীরা প্রতিদিন যাতায়াত, বাসস্থান সঙ্কট ও নিরাপত্তা ঝুঁকির মধ্যে দিন পার করছেন। এ অবস্থায় দ্রুত একটি কর্মজীবী নারী হোস্টেল নির্মাণের দাবি জোরালো হচ্ছে।

গত ১৬ এপ্রিল নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নগরীতে নিরাপদ ও আধুনিক মহিলা হোস্টেল নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, কর্মসংস্থানের তাগিদে দূর-দূরান্ত থেকে আসা নারীরা সাশ্রয়ী ও নিরাপদ আবাসনের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের নারীরা।

কর্মজীবী নারীদের অভিজ্ঞতায় উঠে এসেছে একই চিত্র। ঝালকাঠি থেকে প্রতি দিন বরিশাল কাউনিয়ায় কর্মস্থলে যাতায়াত করা শ্রমিক বীথি আক্তার বলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে সময় মতো কাজে পৌঁছানো কষ্টকর। একটি হোস্টেল থাকলে তারা নিরাপদে থাকতে পারতেন। বাবুগঞ্জের সোনালী বেগম জানান, নিরাপদ থাকার জায়গা না পেয়ে অনেক নারী বাধ্য হয়ে বেশি ভাড়ায় বাসা নেন বা প্রতি দিন দূরপাল্লার যাতায়াত করেন।

নিরাপত্তাহীনতার বিষয়টিও উদ্বেগজনক। গত বছর রাতে কর্মস্থল থেকে ফেরার পথে এক নারী শ্রমিক ধর্ষণের শিকার হওয়ার ঘটনা নগরীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্টরা বলছেন, রাতে অনেক সড়ক ও অলিগলি নারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে, কর্মস্থলের কাছাকাছি নিরাপদ ও সাশ্রয়ী হোস্টেল নির্মিত হলে নারীদের যাতায়াতের ঝুঁকি কমবে, কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়বে এবং সামগ্রিক সামাজিক নিরাপত্তা জোরদার হবে। সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।