গুলিতে নিহত ১৬ জন

বগুড়ায় জুলাই আন্দোলনের ১৬ মামলার তদন্ত আজও শেষ হয়নি

Printed Edition

বগুড়া অফিস

জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পার হলেও শেষ হয়নি এ-সংক্রান্ত মামলার তদন্ত। ফলে ক্ষতিগ্রস্তরা দ্রুত বিচার না পেয়ে নীরবে নিভৃতে কাঁদছেন।

বগুড়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩৬ জুলাই (৫ আগস্টে) ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আন্দোলনে আইনশৃঙ্খলাবাহিনীর গুলিতে শিশু রাতুল, শিমুল মণ্ডল, সেলিম মাস্টারসহ বগুড়া জেলায় নিহত হন বিভিন্ন বয়সের ১৬ শিশু , যুবক ও অন্যান্য পেশার মানুষ। এ ছাড়া অসংখ্য মানুষ আহত হন। এসব ঘটনায় হতাহতদের পরিবার জেলার বিভিন্ন থানায় ৫৩টি মামলা করেন। এর মধ্যে অন্য জেলায় ঘটেছে এমন চারটি মামলা সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়। এরপর ৪৯টি মামলার মধ্যে ১১টি হত্যা ও অন্যান্য মামলা ৪২টি। এ পর্যন্ত ৩৩টি মামলার তদন্ত শেষ করেছে তদন্ত কর্মকর্তারা। তারা চার্জশিট বা চূড়ান্ত রিপোর্ট আদালতে দাখিল করেছেন। বাকি ১৬টি মামলা এখনো তদন্তাধীন। এসব মামলায় পলাতক হাসিনা, ওবায়দুল কাদের, শেখ রেহেনা, আসাদুজ্জামান কামালসহ প্রতিটি মামলায় আসামি শতাধিক।

এ দিকে বিভিন্ন মামলার পাঁচ শতাধিক আসামি বাদিদের সাথে সমঝোতা করে এফিডেভিট করে হলফনামা আদালতে জমা দিয়েছে। তাদের দাবি, ঘটনার সাথে তারা জড়িত নন এবং বাদিরা তাদের চেনেন না ।

বগুড়া জজকোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেত বলেছেন, আশা করি জড়িতরা তাদের অপরাধের শাস্তি পাবে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেছেন, প্রত্যেকটি মামলায় আসামি শতাধিক। তাই তদন্ত শেষ করতে দেরি হচ্ছে। তদন্ত কর্মকর্তাদের এত আসামির তদন্ত করতে গিয়ে বেগ পেতে হচ্ছে, তাই একটু সময় লাগছে।