সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

চকরিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে এ ঘটনা ঘটে । শিশুরা হলো ডুলাহাজরা ইউনিয়নের হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৮) এবং চিরিঙ্গা ইউনিয়নের চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুরিফা জান্নাত (৫)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন। জানা গেছে, চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা চারা বটতলী এলাকায় সকালে নানার বাড়ির পুকুর পাড় দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় ধরে বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পায়। স্বজনরা দ্রুত উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা।


ট্রেনে কেটে যমজ ২ ভাইয়ের মৃত্যু

ফরিদপুরের মধুখালীতে বাড়ির পাশের মুদি দোকানে চকলেট কিনতে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে নোয়াপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষণদিয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। যমজ ওই দুই শিশুর নাম তাহমিদ (৪) ও তাইয়্যেব (৪)। তারা ওই এলাকার মো: আকাশ শেখের ছেলে। স্থানীয়রা জানায়, আকাশ শেখের বাড়ির পাশেই রেললাইন। আর রেললাইনের পাশের একটি দোকানে ওই দুই ভাই দুপুরে চকলেট কিনতে যাচ্ছিল। এ সময় রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। এ বিষয়ে মধুখালী থানার ওসি ফকির মো: তাইজুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। যমজ দু’টি শিশু ট্রেনে কাটা পড়ে মারা গেছে। আমরা এ বিষয়টি রেল পুলিশকে অবগত করেছি। ফরিদপুর প্রতিনিধি ।


মাটি কাটার প্রতিবাদ করায় ছাত্রদল নেতার ওপর হামলা

ফেনীর দাগনভূঞা পৌর এলাকার রামানন্দপুর গ্রামে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় ছাত্রদল নেতা অনিক হোসেন নিলয়। তিনি সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। গত মঙ্গলবার রাতে তার ওপর হামলা হয়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রামানন্দপুর এলাকায় একটি প্রভাবশালী মাটি দস্যু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফসলি জমির মাটি লুট করে আসছিল। ভারী ড্রাম ট্রাক চলাচলের কারণে গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছিল। গত মঙ্গলবার রাতে চক্রটি আবারো মাটি কাটতে শুরু করলে নিলয় ও স্থানীয় বাসিন্দারা রাস্তা ও জনপদ রক্ষায় বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাটি খেকো চক্রের একদল উশৃঙ্খল যুবক নিলয়ের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় নিলয় মাথায়, গলায় ও বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। নিলয়ের জেঠা মোহাম্মদ স্বপন জানান, হামলার পর নিলয় প্রায় তিন ঘণ্টা অজ্ঞান অবস্থায় ছিলেন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। দাগনভুঞা( ফেনী) সংবাদদাতা।


গৌরনদীতে সাইক্লোন শেল্টারের ২ টন রড চুরি

সরকারি প্রকল্পের সাইক্লোন শেল্টার নির্মাণকাজে ব্যবহারের জন্য রাখা প্রায় দুই টন রড রাতের আঁধারে চুরির ঘটনায় বরিশালের গৌরনদীতে বিএনপির দুই কর্মীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে চোরাই রড স্থানীয় ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রির তথ্য মিলেছে। পাশাপাশি নেপথ্যে প্রভাবশালী একটি চক্র সক্রিয় থাকার ইঙ্গিতও পাওয়া গেছে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, উপজেলার দিয়াশুর বাংলাবাজার এলাকায় সরকারি বরাদ্দে নির্মাণাধীন সাইক্লোন শেল্টার থেকে রাতের আঁধারে বিপুল পরিমাণ রড চুরি হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদার মো: আলাউদ্দিন ভূঁইয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে। তদন্তের একপর্যায়ে চুরির সাথে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে প্রথমে দু’জনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ দিয়াশুর গ্রামের মুনসুর সরদারের ছেলে সুমন সরদার এবং একই গ্রামের মৃত লুৎফর চৌকিদারের ছেলে ইব্রাহীম চৌকিদার। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, তারা বিএনপির সক্রিয় কর্মী। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মজিবর রহমান নামে আরো একজনকে আটক করা হয়। গৌরনদী (বরিশাল) সংবাদদাতা।


৪ বছর পর গৌরীপুরে লাঙ্গলকে বিজয়ী ঘোষণা

ময়মনসিংহের গৌরীপুরে সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে লাঙ্গল প্রতীকের প্রার্থী শামছুজ্জামান জামালকে বিজয়ী ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। গত সোমবার নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন সংশোধনী গেজেট প্রকাশ করেন। গেজেটে বলা হয়েছে, নির্বাচনী ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলা নং-১২/২০২২-এর রায়ে ২০২২ সালের ১৩ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন কাদের রুবেলের বিজয় বাতিল করা হয়েছে। ট্রাইব্যুনালের রায় অনুযায়ী জাতীয় পার্টির শামছুজ্জামান জামালকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারিভাবে রুবেল ছয় হাজার ২৭৮ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা হন, জামাল পান ছয় হাজার ২৫২ ভোট। পরে মামলা দায়েরের পর পুনর্গণনায় জামাল পান ছয় হাজার ২২৪ ভোট এবং রুবেল পাঁচ হাজার ৯৫৮ ভোট। শেষ পর্যন্ত জামাল ২৬৬ ভোটে বিজয়ী হন। উচ্চ আদালতের রায়েও জামালের বিজয় বহাল থাকায় কমিশন গেজেট প্রকাশ করে তাকে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ময়মনসিংহ অফিস।


নবীনগরে ২ কিশোরের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গতকাল সকালে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আশিক বর্মন (১৬) নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর মনতলা গ্রামের বাসিন্দা বাদল বর্মনের ছেলে এবং অপরজন উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের মো: খলিল মিয়ার ছেলে আতিক ইসলাম (১৭)। বিষয়টি নিশ্চিত করেছে নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আশিক বর্মন পেশায় একজন ইজি বাইকচালক, মঙ্গলবার রাতে জরুরি কাজে ঘরের বাইরে যান, তবে রাতে আর বাড়িতে ফেরেননি। পরে গতকাল বুধবার বাড়িসংলগ্ন আমগাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান স্বজনরা। অন্য দিকে আতিক ইসলাম ঈদুল ফিতরের পর থেকেই নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে কোথাও পাওয়া যায়নি। পরে বুধবার সকালে একই দিনে তার বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।


হোমনায় বিদেশী পিস্তলসহ যুবক গ্রেফতার

কুমিল্লার হোমনা উপজেলায় একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ মনির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার এসআই মোছলেহ উদ্দিন ও এসআই আল আমিন উপজেলার দুর্গাপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে মনির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী একটি ৭.৬৫ বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মনির হোসেন উপজেলার ২ নং ঘাগুটিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মুহুরী বাড়ির ইউনুস মিয়ার ছেলে। হোমনা থানার ওসি (তদন্ত) দীনেশ দাস গুপ্ত জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে। হোমনা (কুমিল্লা) সংবাদদাতা।


নলছিটিতে সাড়ে ৪২ মণ জাটকা জব্দ

ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার ৭০০ কেজি (সাড়ে ৪২মণ) জাটকা মাছ জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল সকালে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি গাড়িতে অবৈধভাবে জাটকা মাছ পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে সাড়ে ৪২ মণ জাটকা মাছ উদ্ধার করে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) রেজভী আহমেদ সবুজ উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে গাড়ির চালকসহ তিনজন স্টাফকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাটকা মাছগুলো নলছিটি উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। ঝালকাঠি প্রতিনিধি।