শিলাবৃষ্টিতে রাজধানীবাসীর দুর্ভোগ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
হঠাৎ শিলাবৃষ্টিতে রাজধানীবাসী দুর্ভোগে পড়েন। গতকাল বুধবার রাত ৮টার পর মাঝারি বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হঠাৎ ছন্দপতন ঘটিয়েছে মানুষের চলাফেরায়। প্রাইভেট কার, বাস ও কিছু ভারী হুডওয়ালা ব্যাটারির রিকশা ছাড়া সাধারণ রিকশা চলাচল বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পথচারীরা যেভাবে পেরেছেন আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্থানে।
বৃষ্টিতে নানা স্থানে পানি জমে চলাচল কঠিন করে তোলে। রাজধানীর মতিঝিলের নানা স্থানে পানি জমে থাকতে দেখা যায়।
কোথাও কোথাও হাঁটুপানি পর্যন্ত হয়ে যায়। চৈত্রের শেষভাগে এসে দেশে আবহাওয়ার কিছুটা ভিন্ন রূপ পরিলক্ষিত হচ্ছে, কোথাও কোথাও শুরু হয়েছে বজ্রপাতসহ কালবৈশাখী। হঠাৎ তীব্র বাতাসে বড় গাছের ছোট ছোট ডাল ভেঙে গিয়ে যান চলাচলে সাময়িক বিঘœ ঘটেছে।
আজ বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।