প্রবাসীদের পাসপোর্ট সেবা সহজে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ

Printed Edition

ফ্রান্স থেকে প্রতিনিধি

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য কনস্যুলার সেবা আরো সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস, প্যারিস। গত বুধবার দূতাবাসে অনুষ্ঠিত এ সভায় প্রবাসী বাংলাদেশী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভায় ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, প্রবাসীবান্ধব সরকারের নীতি বাস্তবায়নের অংশ হিসেবে দূতাবাস ধারাবাহিকভাবে কনস্যুলার সেবার মানোন্নয়নে কাজ করছে। তিনি বিশেষভাবে ৩ জুন থেকে চালু হওয়া অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার উদ্দেশ্য ও কার্যকারিতা তুলে ধরেন। রাষ্ট্রদূত জানান, এই ব্যবস্থার মাধ্যমে পাসপোর্ট সেবা গ্রহণের প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি, সময় সাশ্রয় এবং সেবাপ্রার্থীদের ভোগান্তি কমানো সম্ভব হবে।

তিনি বলেন, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে, যা প্রবাসীদের মধ্যে অযথা উদ্বেগ সৃষ্টি করছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দূতাবাসের আনুষ্ঠানিক তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানান তিনি। একই সাথে বাংলাদেশ সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণœ করতে পারে; এমন যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকারও আহ্বান জানান রাষ্ট্রদূত।

মতবিনিময় সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা কনস্যুলার সেবা নিয়ে বিভিন্ন মতামত, অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। দূতাবাস তাদের বক্তব্য গুরুত্বের সাথে শোনে এবং সেবার মান আরো উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেয়।

দূতালয় প্রধান মো: ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্কর, বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ জামাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা এবং জুনেদ আহমদ।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিলসহ অন্য কর্মকর্তারা।

সভা শেষে দূতাবাস কয়েকটি বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম ঘোষণা করে। ঘোষণায় বলা হয়, ফ্রান্স সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী বৈধতার আবেদন (রেগুলারাইজেশন) করার জন্য যেসব প্রবাসী ফরাসি প্রিফেকচার অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তাদের পাসপোর্ট সেবা নিশ্চিত করতে আগামী ২৫ জুলাই, ৮ আগস্ট ও ২২ আগস্ট দূতাবাসে বিশেষ কনস্যুলার সেবা প্রদান করা হবে। ওই দিনগুলোতে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সারা দিন পাসপোর্টসংক্রান্ত সেবা দেয়া হবে।

এ ছাড়া ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নতুন স্লট উন্মুক্ত রাখার ঘোষণা দেয়া হয়েছে। প্রতিদিনের নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের অর্ধেক অনলাইন আবেদনকারীদের জন্য এবং বাকি অর্ধেক ১৫ মে-এর আগে ই-মেইলের মাধ্যমে আবেদনকারীদের জন্য সংরক্ষিত থাকবে বলেও জানানো হয়।