টাঙ্গাইলে পৃথক ঘটনায় নিহত ৪
কুমিল্লায় শিশুর লাশ উদ্ধার
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
টাঙ্গাইলে বিদ্যুৎ স্পৃষ্টে তিনজন ও পানিতে ডুবে একজন নিহত হয়েছেন। অন্য দিকে কুমিল্লায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক তিনটি ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত দুর্ঘটনায় উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর-থলপড়া এলাকায় পিকনিকের নৌকায় বিদ্যুৎস্পৃষ্টে দু’জন, বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া এলাকায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজন ও গোড়াই ইউনিয়নের কোদালিয়া এলাকায় পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে অপরজনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে পিকনিকের নৌকায় বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটার শ্রমিক রংপুরের সাজ্জাত হোসেন ও শেরপুরের পাকুরিয়া গ্রামের হাসমত মিয়ার ছেলে জিকুল মিয়ার মৃত্যু হয়েছে। নৌকায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুশান্ত রাজবংশী ও পাট জাগ দিতে গিয়ে রুস্তম আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ঘটনাসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গাজীপুরের ভাওয়াল মির্জাপুর থেকে টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া জমিদার বাড়িতে নৌভ্রমণে আসেন ৩০ থেকে ৩৫ জনের একটি দল। সন্ধ্যার পর তারা মির্জাপুর থেকে গাজীপুরের উদ্দেশে যাত্রা করে বংশাই নদীর চাকলেশ্বর-থলপড়া অতিক্রম করার সময় নদীর ওপর ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সাথে নৌকার ওপরে থাকা কয়েকজন জড়িয়ে পড়েন। এতে এক নারীসহ ছয়জন আহত হয়। উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দু’জনে অবস্থা আশঙ্কাজনক।
এ দিকে বৃহস্পতিবার রাতে বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া অংশের নদীতে মাছ ধরতে গিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে সুশান্ত রাজবংশী নামে এক জেলে নিখোঁজ হয়। পরে শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে।
অন্য দিকে গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামে খালে পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন রুস্তম আলী নামে এক বৃদ্ধ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে।
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ধনপুর গ্রামের একটি খাল থেকে সাজ্জাদ হোসেন (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের সানজু মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেল থেকে সাজ্জাদ নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শুক্রবার সকালে বাড়ির পাশের খালে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে অসাবধানতাবশত খালে পড়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, রাজবাড়ীর গোয়ালন্দে অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের লাশ গোয়ালন্দঘাট থানা পুলিশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত জাহিদ বিশ্বাস (৪০)। তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জবানী পাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই রাতে দুর্বৃত্তরা জাহিদ বিশ্বাসকে অটোরিকশাসহ ছিনিয়ে নেয়। এরপর তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
১৭ জুলাই দুপুরে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৯ ওয়ার্ডের সোনা মাতবরপাড়া ও নগর রায়েরপাড়া সড়কের চামেলি পার্ক এলাকার একটি গাছের নিচে সড়কে ঢালুতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য বেলা ৩টায় লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার গলায় নাইলনের রশি পেচিয়ে হত্যা করার আলামত পাওয়া গেছে।