পা পিছলে বাথটাবে ৯ দিন আটকে বৃদ্ধা

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

বয়স ৮২ বছর। বাড়িতে তিনি একেবারে একা। একদিন হঠাৎ পা পিছলে পড়ে গেলেন নিজের বাথটাবে। আঘাত পেয়ে এরপর আর উঠতেই পারলেন না। এভাবেই কেটে গেল টানা ৯ দিন! অবিশ্বাস্য হলেও এভাবেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ক্লাইড এলাকায়। জোয়ান রিভেট নামের ওই বৃদ্ধা গত ১ জুন রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় বাথরুমে পা পিছলে বাথটাবের ভেতর পড়ে যান তিনি। ওপর থেকে ঝর্ণার পর্দা ও রডও তার গায়ে খসে পড়ে। আঘাত পাওয়ায় তিনি আর উঠতে পারেননি।

২০২৩ সালে স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি একাই থাকতেন। তার কোনো সন্তান নেই। মোবাইল ফোন ছিল অন্য ঘরে। তাই কারো কাছে সাহায্যও চাইতে পারেননি। ব্যথায় তিনি চিৎকার করছিলেন, আর তার সাথে পাল্লা দিয়ে ডাকছিল পোষা বিড়াল ‘ফিবি’। ব্যথায় তিনি বারবার জ্ঞান হারাচ্ছিলেন।

দিন-রাত কিভাবে পার হচ্ছিল তিনি বুঝতে পারছিলেন না। শুধু ব্যথায় কাঁদছিলেন আর সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইছিলেন। তবে তিনি হাল ছাড়েননি। বাঁচার তাগিদে পা দিয়ে বাথটাবের পানির কল খুলে দেন জোয়ান। এরপর সেই পানি মুখে ছিটিয়ে কোনোমতে নিজের তৃষ্ণা মেটান। এ দিকে টানা কয়েকদিন ধরে বোনের কোনো খবর না পেয়ে চিন্তায় পড়েন বিল লেসকো। তিনি জর্জিয়া থেকে জোয়ানের এক প্রতিবেশীকে ফোন করেন। প্রতিবেশী জানান, জোয়ানের গাড়ি বাড়িতেই আছে। এরপর বিল পুলিশকে খবর দেন। অবশেষে ১০ জুন পুলিশ এসে আধা-চেতন অবস্থায় জোয়ানকে উদ্ধার করে হাসপাতালে নেয়। দীর্ঘ সময় বাথটাবে আটকে থাকায় তার শরীরে তীব্র পানিশূন্যতা ও ঘা দেখা দিয়েছিল। স্যালাইন ও তরল খাবার দিয়ে তাকে বাঁচানো হয়। এখন তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। ভয়াবহ এই অভিজ্ঞতার পর জোয়ান সিদ্ধান্ত নিয়েছেন, তিনি এখন থেকে জর্জিয়ায় তার ভাইয়ের সাথেই থাকবেন।