বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আজ

Printed Edition

বরিশাল ব্যুরো

ন্যায্য দাবি আদায়ে আজ ১৮ জুলাই বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশ সফল করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সমাবেশে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জহিরউদ্দিন মুহাম্মদ বাবর বলেন, আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন। এ ছাড়া ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, বরিশাল বিভাগের সকল জেলা ও মহানগর পর্যায়ের নেতারাও বক্তব্য রাখবেন।

সমাবেশ বাস্তবায়নের জন্য বরিশাল নগরীসহ বিভাগের সকল জেলা-উপজেলায় ব্যাপক গণসংযোগ, মাইকিং, লিফলেট বিতরণসহ বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালিয়েছে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।