খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনায় সোনামিয়া (৩৮) নামে এক যুবককে দোকানে ঢুকে কয়েক দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করেছে। গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর খালিশপুরের নয়াবাটি এলাকার এ ঘটনা ঘটে। নিহত সোনামিয়া নগরীর জব্বার সরদারের ছেলে। তিনি জাতীয়তাবাদী তাঁতীদলের ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন।

পুলিশ জানায়, সোনামিয়া নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে তিন দুর্বৃত্ত এসে দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। জীবন বাঁচাতে তিনি দৌড়ে পাশের একটি বাসায় আশ্রয় নেন। দুর্বৃত্তরা তার পিছু নিয়ে সেখানে গিয়েও তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খালিশপুর ক্লিনিকে এবং তারপর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। হামলাকারী দুর্বৃত্তদের মধ্যে একজন হেলমেট ও অপর দুইজন মাক্স পরিহিত ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের ধারণা, রাজনৈতিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, কী কারণে ও কারা সোনামিয়াকে হত্যা করা করেছে, তা এখনো বলা যাচ্ছে না। সে ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।