সিইসির সাথে বৈঠকের পর বিএনপি

গণভোটে ‘হ্যাঁ’ দেয়াই বিএনপির সিদ্ধান্ত

Printed Edition
first-2
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান : নয়া দিগন্ত

বিশেষ সংবাদদাতা

বিএনপি বরাবরই রাষ্ট্রের গুণগত সংস্কারের পক্ষে। আমরা জাতীয় সংসদে নারীদের আসন বৃদ্ধির প্রস্তাব দিয়েছি। আমরা সবার আগে সংস্কার চেয়েছি। আর গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়াই বিএনপির সিদ্ধান্ত। এ কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি ইতিবাচক সাড়া দেবে বলে তিনি জানান।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। বিকেল ৪টায় শুরু হওয়া এই বৈঠকে বিএনপির চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান। অন্যরা ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন।

অন্য দলগুলোর সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, আমরা নারী প্রতিনিধিত্বের কথা বললেও অনেক দল, যেমন, জামায়াত একটি আসনেও নারীকে মনোনয়ন দেয়নি। সেখানে বিএনপি প্রকৃতপক্ষে নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। তিনি বলেন, একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি কার্ড ও মোবাইল নম্বর সংগ্রহ করছে। ইসির এটা দেখা উচিত।

বৈঠকে প্রার্থিতা বাতিলের বিষয়টি নিয়ে সিইসির দৃষ্টি আকর্ষণ করেছে বিএনপির প্রতিনিধিদল। নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, সংবিধানে স্পষ্ট বলা আছে যে, কেউ দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু অনেক জায়গায় রিটার্নিং অফিসাররা আমাদের এবং অন্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছেন। বিষয়টি যেন আর জটিল না হয়, সেদিকে নজর দিতে বলেছি আমরা।