সিলেটে ওরিয়েন্টেশনে বক্তারা
বিদেশে কর্মসংস্থানের আগে সঠিক তথ্য জানা থাকলে প্রতারণা এড়ানো সম্ভব
Printed Edition
সিলেট ব্যুরো
বিদেশ গমনে ইচ্ছুককর্মীদের নিরাপদ, সচেতন ও পরিকল্পিত অভিবাসন নিশ্চিত করতে প্রাক সিদ্ধান্ত গ্রহণ ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) উপপরিচালক ফাহমি মো: সায়েফ।
জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মো: নাজমুস সাকিবের সঞ্চালনায়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, বিএমইটির সহকারী পরিচালক তানভীর সিদ্দিকী, সিলেট প্রবাসী কল্যাণ ব্যাংকের এজিএম ফেরদৌস খায়ের, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আসিফ আজিজ ও রামরু সুনামগঞ্জ অঞ্চলের জেলা ব্যবস্থাপক নাজমুল হক মনির।
তারা বলেন, বিদেশে কর্মসংস্থানের আগে সঠিক তথ্য ও প্রস্তুতি থাকলে প্রতারণা, ঝুঁকি ও অনাকাক্সিক্ষত পরিস্থিতি অনেকাংশে এড়ানো সম্ভব। এই ওরিয়েন্টেশনের মাধ্যমে বিদেশ যাওয়ার আগে কর্মীদের আইনি প্রক্রিয়া, চুক্তির শর্তাবলি, গন্তব্য দেশের আইন-কানুন, কর্মপরিবেশ, সংস্কৃতি, স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে ধারণা দেয়া হবে। পাশাপাশি দালাল চক্রের ফাঁদ থেকে রক্ষা পেতে করণীয় এবং বৈধ পথে অভিবাসনের গুরুত্ব তুলে ধরা হয়। এতে করে বিদেশগামীকর্মীরা সচেতন হয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং দেশের সুনাম রক্ষা হবে বলে আশা প্রকাশ করেন তারা।
এসময় সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা, প্রশিক্ষক, বিদেশ গমনে ইচ্ছুক কর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।