সংক্ষিপ্ত সংবাদ
Printed Edition
১০ হাজার লিটার তেল জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ করা প্রায় ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একই সাথে অবৈধ মজুদ ও উচ্চমূল্যে বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শহরের গোকর্ণ ঘাট এলাকায় সদর উপজেলা প্রশাসন ও র্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোকর্ণ এলাকার কয়েকটি দোকানে অনুমোদন ছাড়াই জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করা হচ্ছে- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে খোলা অবস্থায় জ্বালানি তেল বিক্রির তিনটি দোকান থেকে আনুমানিক ১০ হাজার লিটার ডিজেল ও ১০০ লিটার অকটেন জব্দ করা হয়। এ সময় অবৈধ মজুদ এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে তিন দোকান মালিককে যথাক্রমে ২০ হাজার, ২০ হাজার ও ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
চালকের লাশ উদ্ধার
জামালপুরের ইসলামপুরে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নে আমতলী গ্রামের (পল্টনপাড়) একটি ভুট্টা ক্ষেত থেকে জুয়েল (৩০) নামে এক ইজিবাইক চালকের লাশ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়। নিহত জুয়েল মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর বটতলা গ্রামে মুনা মিয়ার ছেলে। নিহতের পারিবারিক সূত্র জানায়, গত রোববার ভোরে নিজে স্বজনদের ট্রেনে উঠিয়ে দেয়ার জন্য ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ইসলামপুর-মাহমুদপুর সড়কের পাশে সদর ইউনিয়নের আমতলী (পল্টনপাড়) নামস্থানে একটি বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে ট্রিপল লাইনে ফোন দেন। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে নিহতের স্বজনরা থানায় এসে জুয়েলের লাশ শনাক্ত করেন। জামালপুর প্রতিনিধি।
ডিজিটাল ফুয়েল কার্ড চালু
জ্বালানি বিতরণে স্বচ্ছতা, ন্যায্যতা ও শৃঙ্খলা নিশ্চিতকরণে রাঙ্গামাটিতে ডিজিটাল ফুয়েল কার্ড চালু করা হয়েছে। গতকাল রাঙ্গামাটি পার্বত্য জেলায় জ্বালানি তেলের সুষ্ঠু, স্বচ্ছ ও ন্যায্য বিতরণ ব্যবস্থা নিশ্চিত করতে একটি ডিজিটাল ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা পুলিশের সমন্বয়ে এবং ফুয়েল পাম্প মালিকদের সহযোগিতায় এই ডিজিটাল প্ল্যাটফর্মটি বাস্তবায়িত হয়েছে। এর মাধ্যমে প্যানিক বায়িং, মজুদদারি ও কালোবাজারি প্রতিরোধ করে প্রত্যেক নাগরিককে তার ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব হবে। ডিজিটাল ফুয়েল কার্ড ব্যবহারকারী িি.িভঁবষঃৎধপশনফ.পড়স ওয়েবসাইটে প্রবেশ করে নাম, মোবাইল নম্বর, এনআইডি নম্বর ও গাড়ির রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। নিবন্ধন শেষে কিউআর কোডসহ ডিজিটাল ফুয়েল কার্ড স্ক্রিনে প্রদর্শিত হবে, যা মোবাইলে সংরক্ষণ বা প্রিন্ট করে ব্যবহার করা যাবে। রাঙ্গামাটি প্রতিনিধি।
রাতে কৃষি জমিতে পুকুর খনন
নাটোরের সিংড়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের অপরাধে সুলতান আলী নামের এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। গত সোমবার উপজেলার চামারী ইউনিয়নের সোনাপুর বিলে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। অভিযুক্ত ব্যক্তি সোনাপুর গ্রামের রওশন আলীর ছেলে ও ভেকু গাড়ির পরিচালক। একই সাথে চলন বিলের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে ভেকু গাড়ির চারটি ব্যাটারি জব্দ ও কৃষি জমিতে পুকুর খনন বন্ধ করা হয়। এর আগে রাত ৮টায় উপজেলার জামতলি আঁখি ফিলিং স্ট্রেশনে অভিযান পরিচালনা করে মোটর যান আইনে ১১ জন মোটরসাইকেল চালকের আট হাজার ১০০ টাকা জরিমানা করেন ইউএনও। সিংড়া (নাটোর) সংবাদদাতা।
ভৈরবে সংঘর্ষে আহত ১৫
কিশোরগঞ্জের ভৈরবের চন্ডিবের এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায় ৩ ঘণ্টা সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়। পরে থানা পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান আকন্দ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়, ঘটনা স্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করি। দুই পক্ষেরই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। ভৈরব প্রতিনিধি।
জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু
ইলিশের উৎপাদন বৃদ্ধি, জাটকা নিধন রোধ এবং টেকসইভাবে ইলিশ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ‘জাটকা ধরা কমাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল উপজেলা প্রশাসনের দরবার হলে এক আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। এতে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান, স্থানীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা। কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা।