চট্টগ্রামে ছিনতাইকারীর কবলে বিদেশী প্রতিষ্ঠানের কর্মকর্তা
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। রমজানে ভোরবেলায় রাস্তায় লোকজন কম থাকার সময়টিকে বেছে নিয়েছে ছিনতাইকারীরা। নগরের হালিশহর থানা এলাকার ছোটপুলে গতকাল মঙ্গলবার ভোরবেলা ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন মো: মুরাদ হোসাইন নামে এক যুবক। তিনি ‘কেইপিজেডস্থ পার্ক বাংলাদেশ’ নামে একটি বিদেশী প্রতিষ্ঠানে কর্মরত। ভোর ৫টার দিকে ছোটপুল দেওয়ান আলী মসজিদসংলগ্ন শিশু কবরস্থানের সামনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো: মুরাদ হোসাইন জানান, কেইপিজেডে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হলে নগরের ছোটপুল দেওয়ান আলী মসজিদসংলগ্ন শিশু কবরস্থানের সামনে তিনজন ছিনতাইকারী লাঠি ও চাকু নিয়ে আমার ওপর হামলা চালায়। এ সময় তারা আমার বাম হাতে আঘাত করে এবং ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে নেয়। ঘটনার পর ছিনতাইকারীরা পাশের টিআই মোটরস সংলগ্ন একটি গলি দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় হালিশহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এদিকে স্থানীয়দের অভিযোগ, ছোটপুল দেওয়ান আলী মসজিদসংলগ্ন ওই স্পটে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ছাড়া সম্প্রতি নগরীর বিভিন্ন স্থানে এরকম ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার ও এধরনের স্পটগুলোতে সিসিটিভি স্থাপনের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী।
হালিশহর থানার এসআই গোলামুর রহমান জানান, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করার পরে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।