চবিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া-মুনাজাত
Printed Edition
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা নামাজে জানাজা গতকাল বুধবার বেলা ২টায় চবি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এর আগে বাদ জোহর বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ও প্রোভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।
গায়েবানা নামাজে জানাজার আগে চবি ভিসি ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, বেগম খালেদা জিয়া গণমানুষের নেত্রী ছিলেন। আমাদের অনেক শিক্ষার্থী নামাজে জানাজায় যেতে পারেননি, এ জন্য আমরা এ গায়েবানা নামাজে জানাজার আয়োজন করেছি। সব মানুষ যাকে ভালোবাসে আল্লাহ নিশ্চয় তাকে ক্ষমা করবে। আমরা দোয়া করি, আপনারাও সবাই খাস দিলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন চবি অনুষদগুলোর ডিন, চবি রেজিস্ট্রার, হলগুলোর প্রভোস্ট ও আবাসিক শিক্ষকবৃন্দ, চবি প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, কলেজ পরিদর্শক, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন দফতরের প্রশাসক, বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউটের সভাপতি ও পরিচালক, শিক্ষক, চাকসুর ভিপি ও জিএসসহ অন্যান্য প্রতিনিধি, হল সংসদগুলোর প্রতিনিধি, শিক্ষার্থী, চবি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সর্বস্তরের জনগণ। দোয়া, মুনাজাত ও গায়েবানা নামাজে জানাজা পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। বিজ্ঞপ্তি।