আইআরআই প্রতিনিধিদলের সাথে নাগরিক ফোরাম ও বিসিএআই’র সভা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার গুলশানে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) এক প্রতিনিধিদলের সাথে সিটিজেনস ফোরাম, বাংলাদেশ (সিএফবি) এবং বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড ইনিশিয়েটিভসের (বিসিএআই) যৌথ প্রতিনিধিদলের এক বিশেষ অনানুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আইআরআই প্রতিনিধিদলের পক্ষ থেকে তাদের দেশব্যাপী সাম্প্রতিক জনমত জরিপের মূল ফল ও পর্যবেক্ষণ উপস্থাপন করা হয়। ওয়াশিংটন ডিসি থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভার মূল ব্রিফিং পরিচালনা করেন আইআরআই’র সিনিয়র ডিরেক্টর সোঞ্জা গ্লক্লে । এতে সরাসরি উপস্থিত ছিলেন আইআরআই’র প্রবাসী প্রতিনিধি জন ফ্লুহার্টি এবং সংস্থাটির কারিগরি উপদেষ্টা অমিতাভ ঘোষ।
রুদ্ধদ্বার এই বৈঠকে উপস্থিত শিক্ষক, গবেষক ও সাবেক আমলাদের সামনে জরিপের সারসংক্ষেপ তুলে ধরা হয়। পরে দুই পক্ষের মধ্যে প্রাপ্ত ফলাফলের সার্বিক রাজনৈতিক ও নীতিগত প্রভাব নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। সভা শেষে অংশগ্রহণকারীদের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিএফবি এবং বিসিএআই-এর ১২ সদস্যের যৌথ প্রতিনিধিদলে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক শীর্ষ সরকারি কর্মকর্তা ও গবেষকগণ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন অধ্যাপক ড. এম কামরুল আহসান- উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চেয়ারম্যান, বিলিয়া; আশরাফুল হুদা সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি); আবু মো: মনিরুজ্জামান খান, সাবেক প্রতিরক্ষা সচিব, মোহাম্মদ আবদুর রশিদ সরকার, সাবেক বাণিজ্য সচিব; নাসিম ফেরদৌস, সাবেক রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়; মো: শামীম আহসান, এনডিসি, সাবেক রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়; মেজর জেনারেল (অব:) মো: মুশফিকুর রহমান, সাবেক উপাচার্য, বিইউপি (বাংলাদেশ সেনাবাহিনী); অধ্যাপক ড. মো: নাজমুজ্জামান ভূঁইয়া, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডিন, আইইউবি; অধ্যাপক ড. সাখাওয়াৎ হোসেন সায়ান্থ, ডিন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়; মো: সোহেল রানা, প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা স্ট্রিম; সৈয়দা নোশিন শারমিনী, জুনিয়র রিসার্চ ফেলো, বিসিএআই।