বোরো ধান মাড়াইয়ের মাঠ তৈরিতে ব্যস্ত কৃষক-কৃষাণীরা
Printed Edition
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আগাম বোরো ধান মাড়াইয়ের মাঠ তৈরিতে ব্যস্ত দিন পার করছেন কৃষক-কৃষাণীরা। উপজেলার হাওরগুলোতে প্রতি দিন সকাল থেকে সন্ধা পর্যন্ত ফসলের জমির আঙিনায় মাটি কেটে, লেপে ও শুকিয়ে মাঠ প্রস্তুতি চলছে। কৃষকরা জানান, বোরো ধান কাটার পরবর্তী কাজই হচ্ছে খলাতে শুকিয়ে প্রক্রিয়াজাত করা। মাড়াই, শুকানো ও সিদ্ধ করার জন্য খলার উপর নির্ভর করে কৃষক পরিবাররা। দিন যতই ঘনিয়ে আসছে ততই কৃষক পরিবারের ব্যস্ততা বাড়ছে। কিছু কিছু আগাম জাতের ধান পেকে যাওয়ায় অনেকে আগেভাগেই কাজ শেষ করার প্রস্তুতি নিচ্ছেন। গত শনিবার দুপুরে উপজেলার নাইন্দার হাওর,কাঙ্গলার হাওর এবং দেখার হাওর এলাকায় কৃষক পরিবারের নারী থেকে পুরুষ, ছোট-বড় সবাই দলবদ্ধভাবে উৎসাহের সহিত কাজ করতে দেখা যায়। কেউ মাটি সংগ্রহ করছেন, কেউ খলার ঘাস পরিষ্কার করে তা সমান্তরাল করছেন। তবে এ কাজে বেশি শ্রম ব্যয় করছেন নারীরা। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশ্রাফুল আলম জানান, হাওরাঞ্চলে ধান কাটার পূর্ব-মুহূর্তে মাড়াইয়ের মাঠ তৈরি একটি গুরুত্বপূর্ণ কাজ। আর এই কাজ কৃষক পরিবারের নারীরা ৮০ ভাগ করে থাকে। দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা।