স্কুল ফিডিংয়ের পাউরুটিতে সুঁই, মেলান্দহে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক
Printed Edition
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মেলান্দহ উপজেলায় স্কুল ফিডিংয়ে সরবরাহকৃত খাবার পাউরুটিতে সুঁই পাওয়ার ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। একই সাথে খাবারের মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নিয়মিতই নিম্নমানের ও পচা খাবার সরবরাহ করা হচ্ছে।
গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার হাজরাবাড়ি পৌরসভার চর আদিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, ওই দিন ৬৮ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ফিডিংয়ের খাবার বিতরণ করা হয়। নিয়ম অনুযায়ী ডিম ও পাউরুটি দেয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের শুধু পাউরুটি দেয়া হয়।
প্রথম শ্রেণীর শিক্ষার্থী রিয়া মনি পাউরুটি খাওয়ার সময় এর ভেতর থেকে একটি সুঁই বের করে। এতে মনি আতঙ্কিত হয়ে পড়ে। শিক্ষার্থীরা জানায়, এমন ঘটনার পর তারা আর স্কুলের খাবার খেতে চায় না। তাদের ভাষ্য, আজ সুঁই বের হয়েছে, কাল আরো বিপজ্জনক কিছু বের হতে পারে। তারা অভিযোগ করে বলে, অনেক সময় তাদের পচা ডিম পচা দেয়া হয়। অন্যান্য খাবারের মানও সন্তোষজনক নয় বলে শিক্ষার্থীরা জানায়।
রিয়া মনি জানায়, পাউরুটি খাওয়ার সময় সেটি ছিঁড়তে গিয়ে তার হাতে সুই বিঁধে যায়। পরে বিষয়টি সে তার মাকে জানায় এবং বিদ্যালয়ে নিয়ে শিক্ষককে দেখানো হয়। সে আশঙ্কা প্রকাশ করে বলে, হাত দিয়ে না ছিঁড়ে সরাসরি মুখে দিলে আরো বিপদজ্জনক কিছু হতে পারত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা পারভিন বলেন, আজ ৬৮ জন শিক্ষার্থীকে পাউরুটি দেয়া হয়েছে। ডিম দেয়ার কথা থাকলেও সরবরাহ করা হয়নি। এক শিক্ষার্থীর পাউরুটিতে সুঁই পাওয়া গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি জানার পর অনেকেই খাবার খেতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি আরো জানান, শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করা হলেও তারা বিষয়টি সহজভাবে নিচ্ছে না।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী খাবার সরবরাহ নিশ্চিত করা বাধ্যতামূলক। কেন ডিম দেয়া হয়নি, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি খাবারে সুঁই পাওয়ার বিষয়টিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
ঘটনার পর সংশ্লিষ্টদের দ্রুত তদন্ত ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিভাবকরা।