বার্ধক্যকে জয় করে ভোটকেন্দ্রে ৯২ বছরের মমেনা বেগম

Printed Edition

বাসস

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার গোপালরায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গতকাল দুপুর ১২টায় হাজির হন ৯২ বছর বয়সী মমেনা বেগম। দুই হাতে লাঠি ব্যবহার করে ধীরগতিতে হাঁটলেও গণতান্ত্রিক অধিকারের প্রতি তার অদম্য স্পৃহা কেন্দ্রে উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে।

মমেনা বেগম জানান, দীর্ঘদিনের শারীরিক প্রতিবন্ধকতা তাকে বাধা দিতে পারেনি। তিনি বলেন, ‘শরীর চলে না বাবা, তবুও আসলাম। ভোট দেয়া তো আমাদের আমানত। পছন্দের মানুষকে ভোট না দিলে শান্তি পাইতাম না।’

বহু বছর পর আবার ভোট দেয়ার আনন্দে তার চোখে উজ্জ্বলতা দেখা গেছে। তার নিষ্ঠা ও সঙ্কল্প কেন্দ্রে উপস্থিত তরুণ ভোটারদেরও উদ্দীপনা জাগিয়েছে। তার সাথে থাকা মেয়ে রুনা জানান, মা ভোট দেয়ার আগ্রহ প্রকাশ করলে আমরা তাকে নিয়ে এসেছি। দুঃখজনক হলেও মা চোখে ভালো দেখতে পারেন না, তবে তার এই উদ্যম সবাইকে অনুপ্রাণিত করছে।

কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মাসুদ মুস্তাজীর বলেন, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মমেনা বেগমের মতো বয়স্ক মানুষের ভোটকেন্দ্রে উপস্থিতি আমাদের জন্য গর্বের। আমরা তাকে অগ্রাধিকার ভিত্তিতে ভোট দেয়ার ব্যবস্থা করেছি।

এই কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মো: মমতাজ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: ফিরোজ হায়দার লাভলু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: মাহফুজুর রহমান, জনতার দলের প্রার্থী মো: শামীম কামাল, বিএনপি প্রার্থী মো: রোকন উদ্দীন বাবুল, জাতীয় পার্টির প্রার্থী মো: এলাহান উদ্দিন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রার্থী নিমাই চন্দ্র রায় ভোট দিয়ে যাচ্ছেন।