জেলেনস্কির যুদ্ধবিরতি প্রস্তাব রাশিয়ার প্রত্যাখ্যান

Printed Edition

মস্কো টাইমস

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষ থেকে দেয়া আসন্ন ইস্টার বা পুনরুত্থান পার্বণ উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মঙ্গলবার ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, জেলেনস্কির এই প্রস্তাবটি অত্যন্ত অস্পষ্ট এবং এটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয়। এর আগে সোমবার জেলেনস্কি অর্থোডক্স ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১২ এপ্রিলের ইস্টার ছুটির সময় একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন।

তিনি এই উদ্যোগকে একটি ‘আপস’ হিসেবে বর্ণনা করে বলেছিলেন, যারা জীবনকে শ্রদ্ধা করে এমন সব ‘স্বাভাবিক মানুষ’ একটি স্থায়ী সমাধানের পথ খুঁজবে। তবে রাশিয়ার দাবি, এই প্রস্তাবের পেছনে কোনো সুনির্দিষ্ট বা স্পষ্টভাবে উচ্চারিত পরিকল্পনা নেই।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের ব্রিফিংকালে যুক্তি দেখান, বর্তমানে রাশিয়ার চেয়ে ইউক্রেনেরই যুদ্ধ বন্ধ করা বেশি জরুরি। পেসকভের মতে, রুশ বাহিনী এখন পুরো রণক্ষেত্র জুড়েই অগ্রসর হচ্ছে, কোথাও দ্রুত আবার কোথাও কিছুটা ধীরগতিতে। তিনি উল্লেখ করেন, জেলেনস্কিকে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে, কারণ সময় যত অতিবাহিত হবে এই সিদ্ধান্তের মূল্য তত বৃদ্ধি পাবে। পেসকভ আরো জোর দিয়ে বলেন, জেলেনস্কিকে অবশ্যই দায়িত্ব নিতে হবে এবং এমন সিদ্ধান্ত নিতে হবে যা কেবল একটি সাময়িক বিরতি নয় বরং স্থায়ী শান্তির পথ সুগম করবে। রাশিয়ার এই অনড় অবস্থান ইঙ্গিত দেয়, তারা বর্তমান সামরিক সুবিধাজনক অবস্থাকে কাজে লাগিয়ে ইউক্রেনকে আরো চাপের মুখে রাখতে চায়।

গত বছর রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন এককভাবে ইউক্রেনের সাথে একটি ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন, তবে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সেই প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল। সেই সময় জেলেনস্কি ৩০ ঘণ্টার এই বিরতিকে ৩০ দিনে বর্ধিত করার অনুরোধ জানালেও পুতিন তা অগ্রাহ্য করেছিলেন।