ডাচদের হারাল টাইগ্রেসরা
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ বাছাইয়ে মূল পর্বে নামার আগে নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, রাবেয়া খানরা রান পেয়েছেন। এতে নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে ২৬ রানের জয় পেয়েছে টাইগ্রেসরা। নেপালের কীর্তিপুরে আগে ব্যাটিং করে ৩ উইকেটে ১৫১ রান করে জ্যোতির দল। জবাবে ৭ উইকেটে ১২৫ রানে থামে নেদারল্যান্ডসের মেয়েদের ইনিংস।
সাধারণত কোনো টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচে স্কোয়াডে থাকা সবাইকেই ব্যাটিং ও বোলিংয়ের সুযোগ দেয়া হয়। যদিও ব্যাটিংয়ে সেরা একাদশই খেলিয়েছে বাংলাদেশ। তবে বোলিংয়ে আটজনকে ব্যবহার করেছে তারা।
আগে ব্যাটিংয়ে দিলারা আক্তার দোলা ৬, জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা করেন ৫ বলে ২ রান। ১২ রানে ২ উইকেট হারানোর পর জ্যোতি ও সোবহানা জুটিতে ১০১ বলে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ১৩৯ রান। ইনিংসের শেষ বলে রানআউট হন ৪ চার ও ১ ছক্কায় ৫৮ বলে ৫৯ রান করা সোবহানা। আর অপরাজিত থেকে ৯ চার ও ১ ছক্কায় মাত্র ৫১ বলে ৭৫ রান করেন জ্যোতি।
১৫২ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়ার সামনে দাঁড়াতেই পারেননি নেদারল্যান্ডসের ব্যাটাররা। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে নেন ৩টি উইকেট। এ ছাড়া পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি নেন ২ উইকেট। নাহিদা আক্তার ও ফাহিমা খাতুনের শিকার ১টি করে। ডাচদের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন স্টেয়ার ক্যালিস।
আগামীকাল শুক্রবার দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ১৮ জানুয়ারি বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শুরু করবে জ্যোতির দল।