আমরা চাই গতির সাথে ট্রাইব্যুনালে স্বচ্ছতা বাড়ুক : চিফ প্রসিকিউটর

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে গতি আনার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

গতকাল মঙ্গলবার দুপুরে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, জুলাই বিপ্লবের আকাক্সক্ষা অনুযায়ী মামলাগুলোর বিচার দ্রুত নিষ্পত্তি করাই তাদের প্রধান লক্ষ্য। এজন্য প্রসিকিউশন টিমের সাথে ইতোমধ্যে বৈঠক করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে। আমিনুল ইসলাম বলেন, আমরা চাই একেবারেই আইন অনুযায়ী এ ট্রাইব্যুনাল পরিচালিত হোক। মামলার গতি বাড়ার সাথে সাথে প্রতিটি ধাপে যেন আরো স্বচ্ছতা নিশ্চিত হয়, সেটাই আমরা নিশ্চিত করতে চাই।

সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার দায়িত্ব পালনকালে কোনো প্রসিকিউটর কিংবা অন্য কেউ কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিতে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমরা কাজের মাধ্যমে প্রমাণ করে দেবো যে এ ট্রাইব্যুনাল পুরোপুরি দুর্নীতিমুক্ত এবং এখানে বিচার প্রক্রিয়া চলবে সম্পূর্ণ আন্তর্জাতিক মানদণ্ড মেনে। এর বাইরে অন্য কোনো নেতিবাচক আলোচনাকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না। তিনি উল্লেখ করেন, এরই মধ্যে ২৪টি মামলার ফরমাল চার্জ দাখিল করা হয়েছে এবং ২১টি মামলার ট্রায়াল চলছে। তবে এ মামলাগুলোর বিষয়বস্তু ও তদন্তের মান যাচাই করতে তিনি সব নথিপত্র তলব করেছেন। যদি কোনো তদন্তে ত্রুটি বা বিচ্যুতি ধরা পড়ে, তবে আইন অনুযায়ী পুনরায় পদক্ষেপ নেয়া হবে।

অপরাধীদের বিচারের আওতায় আনার বিষয়ে তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হবে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা। কোনো নিরপরাধ মানুষ কিংবা রাজনৈতিকভাবে কাউকে হয়রানি করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। তদন্ত ও বিচার প্রক্রিয়া হবে সম্পূর্ণ নিরপেক্ষ। প্রসিকিউশন টিমের বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, যেহেতু তিনি নতুন দায়িত্ব নিয়েছেন, তাই সব মামলার বিষয়বস্তু এবং অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এর আগে সকালে জুলাই-আগস্ট আন্দোলনের মামলাসহ ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রসিকিউশন টিমের সব সদস্যের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।