কামিল মাস্টার্স পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান ইআবি ভিসির

Printed Edition

ইসলামী আরবি বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, (কামিল মাস্টার্স) শিক্ষার্থীদের শিক্ষা জীবনের সর্বশেষ ধাপ। এ পর্যায়ে এসে শিক্ষার্থীদের কাক্সিক্ষত ফলাফল অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি নকলমুক্ত ও গুণগত মাদরাসা শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে (কামিল মাস্টার্স) ১ বছর মেয়াদি পরীক্ষা-২০২৪ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে এক কেন্দ্রীয় মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিভিন্ন মাদরাসার অধ্যক্ষরা পরীক্ষার কেন্দ্র ব্যবস্থাপনা, নকলমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, কেন্দ্রগুলোর সমন্বয়, পরীক্ষার সময়সূচি নির্ধারণ এবং শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদান করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, একজন দক্ষ ও আদর্শ শিক্ষার্থী গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নকলমুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, বরং কেন্দ্র সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলীসহ বিভিন্ন মাদরাসার অধ্যক্ষরা। মতবিনিময় সভার সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী। এ সময় ঢাকা আলিয়া মাদরাসা, বগুড়া সরকারি মোস্তফাবিয়া আলিয়া মাদরাসা, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা, মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদরাসা ও তামিরুল মিল্লাত মাদরাসাসহ দেশের বিভিন্ন মাদরাসার অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।