মির্জাগঞ্জে বিএনপি নেতার চাঁদা দাবি : ফল ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
Printed Edition
মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর মির্জাগঞ্জে এক হিন্দু ফল ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও মারধর করে আহত করায় বিচারের দাবিতে উপজেলা বিএনপি নেতা ও তার সহোযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। গতকাল সোমবার দুপুরে মির্জাগঞ্জ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অভিযুক্ত সুজন সিকদার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পশ্চিম সুবিদখালী গ্রামের মৃত শাহজাহান সিকদারের ছেলে। ভুক্তভোগী ব্যবসায়ী নির্মল দাস মির্জাগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে নির্মল দাস বলেন, আমি সুবিদখালী বাজারের একজন প্রবীণ ব্যবসায়ী। মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার দীর্ঘদিন ধরে আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমি পশ্চিম সুবিদখালীস্থ বাসা থেকে সুবিদখালী বন্দরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় সুজন সিকদার আমাকে দেখে আবার চাঁদা দাবি করেন। এ সময় আমি চাঁদা দিতে অস্বীকার করলে বিএনপি নেতা সুজন সিকদার এবং তার সহযোগীরা আমাকে মারধর করে আহত করে এবং এ বিষয়ে কাউকে কিছু জানালে তারা আমাকে প্রাণনাশের ভয়ভীতি দেখায়।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমি আমার পরিবার নিয়ে এখন নিরাপত্তাহীনতায় আছি। আপনাদের সাংবাদিকদের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয়ে বিএনপি নেতা সুজন সিকদার বলেন, ফল ব্যবসায়ীর ছেলে মাদকসেবীদের সাথে চলাফেরা করে। তাকে কোনো মারধর করা হয়নি, কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। চাঁদা চাওয়ার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মির্জাগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাহাবুদ্দিন নান্নু বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চাঁদাবাজ সে যে কেউ হোক। অন্যায়কারীকে সহযোগিতার কোনো সুযোগ নাই।