চকরিয়া-পেকুয়াবাসীর প্রতি সালাহউদ্দিন আহমদের কৃতজ্ঞতা
Printed Edition
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিপুল ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ সালাহউদ্দিন আহমদ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই ধন্যবাদ ও ভবিষ্যৎ পথচলার অঙ্গীকার ব্যক্ত করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আলহামদুলিল্লাহ। চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী ও পৌরসভার সর্বস্তরের ভোটার এবং বিএনপি ও অঙ্গসংগঠনের লড়াকু নেতাকর্মীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আপনাদের অদম্য সাহস ও দীর্ঘ সংগ্রামের ফসল এই বিজয়। এটি কেবল একটি নির্বাচনী ফলাফল নয়; বরং জনগণের স্বাধিকার ও হারানো মর্যাদা পুনরুদ্ধারের এক ঐতিহাসিক দলিল।’
বিজয় পরবর্তী আচরণ প্রসঙ্গে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘বিনয় হোক বিজয়ের অলঙ্কার। বিজয় আমাদের উদ্ধত করে না, বরং আরো দায়বদ্ধ করে তোলে। আসুন, কোনো কৃত্রিম উন্মাদনায় না মেতে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। ক্ষমতা যেন আমাদের মোহাচ্ছন্ন না করে; বরং জনসেবার মানসিকতাই হোক আমাদের চারিত্রিক ভূষণ।’
অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার ডাক দিয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, রাজনৈতিক প্রতিযোগিতার অধ্যায় এখন সমাপ্ত। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সৌজন্য ও অভিনন্দন বার্তাকে সাধুবাদ জানিয়ে রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি বজায় রাখার আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমদ তার পোস্টে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার মহিমান্বিত গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘শহীদদের স্বপ্নের ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে মতাদর্শিক ভিন্নতা থাকলেও দেশের উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা হবো এক ও অবিভাজ্য।’ সবশেষে তিনি ভোটারদের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি দেন।