বেগম খালেদা জিয়ার বিদায়ে শোবিজে শোকের ছায়া

Printed Edition
bino-1
বেগম খালেদা জিয়ার বিদায়ে শোবিজে শোকের ছায়া

সাকিবুল হাসান

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে ৩০ ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮০ বছর বয়সী এই নেত্রী। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নামী চলচ্চিত্র তারকা, নির্মাতা ও সঙ্গীতশিল্পীরা বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় তাকে স্মরণ করছেন।

জনপ্রিয় নির্মাতা ও সঞ্চালক হানিফ সংকেত খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘সর্বজন শ্রদ্ধেয়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন। জাতি হারালো একজন অভিভাবককে। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’ নির্মাতা আশফাক নিপুণ তার অবিচল ভূমিকার প্রশংসা করে লিখেছেন, ‘প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আপনি ছিলেন অবিচল। এই জাতি আপনাকে স্মরণ করবে।’ এ ছাড়া শোক প্রকাশ করেছেন মাবরুর রশীদ বান্নাহ ও রেদওয়ান রনি।

সিনেমার পর্দায় শেখ মুজিবুর রহমান চরিত্রে অভিনয় করা অভিনেতা আরিফিন শুভ শোকবার্তায় লিখেন, ‘দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার বিদায়, দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি।’ মেগাস্টার শাকিব খান মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান একটি আবেগঘন পোস্টে বলেন, ‘বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামরিক-শাসনবিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি ছিলেন প্রধান এক চরিত্র।’

চিত্রনায়িকা পরীমনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তিনি চলে গেলেন...! তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন। বেগম খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে...।’ শ্রদ্ধা জানিয়েছেন অপু বিশ্বাস, শবনম বুবলী, নুসরাত ফারিয়া, পূজা চেরি, সিয়াম আহমেদ ও আজমেরী হক বাঁধনের মতো জনপ্রিয় তারকারা।

নগরবাউল জেমসের পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করে জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়েছে। বিএনপি রাজনীতির সাথে যুক্ত সঙ্গীতশিল্পী বেবী নাজনীন এক শোকবার্তায় বলেন, ‘বেগম জিয়ার এই অন্তিম যাত্রায় তিনি যেমন মানুষের দোয়া নিয়ে গেছেন, তেমনি দেশের মানুষের জন্য রেখে গেছেন আশীর্বাদ।’ তিনি এই মৃত্যুতে সারা দেশের মানুষের বাকরুদ্ধ হওয়ার কথা উল্লেখ করেন।

অভিনেতা অপূর্ব, অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, আশনা হাবিব ভাবনা, আরশ খান এবং রুকাইয়া জাহান চমকসহ আরো অনেক শিল্পী তাদের ব্যক্তিগত পেজে ছবি শেয়ার করে শোক প্রকাশ করেছেন। ৩১ ডিসেম্বর বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়েছে।