প্রতিবাদে মানববন্ধন

নদীর চরের গাছ কাটছে ঠিকাদারি প্রতিষ্ঠান

Printed Edition

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দুর্গাবাটির হুলায় নির্বিচারে নদীর চরের শত শত গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব চত্বরে পরিবেশবাদী স্বেচ্ছাসেবকরা এই মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন সংলগ্ন নদীর চরে কেওড়া, বাইন, সুন্দরী, গেওয়াসহ বিভিন্ন প্রজাতির হাজার হাজার ছোট-বড় গাছ কোনো নিয়ম-নীতি ছাড়াই কেটে ফেলা হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এসব গাছ প্রাকৃতিক ঢাল, যা নদীভাঙন রোধ করত, ঝড়-জলোচ্ছ্বাস থেকে মানুষকে রক্ষা করত এবং অসংখ্য প্রাণীর আশ্রয়স্থল হিসেবে কাজ করে। এসব গাছ বেড়িবাঁধ রক্ষা করে। চরের গাছ কেটে সেখান থেকে মাটি কেটে বাঁধ নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান, যা কোনোভাবেই টেকসই হবে না। এভাবে গাছ কাটা চলমান থাকলে অদূর ভবিষ্যতে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দেবে, বাড়বে নদীভাঙন, ধ্বংস হবে জীববৈচিত্র্য। মানববন্ধন থেকে অবিলম্বে গাছ নিধন বন্ধ করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

মানববন্ধনে সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বুড়িগোয়ালীনি ইউপি সদস্য আবিয়ার রহমান, সিডিওর ভলেন্টিয়ার হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন, নূরনাহার পারভীন নুহা, শুভজিত, শাহিন হোসেন, ইয়ুথ ফর সুন্দরবনের মুনতাকিমুল ইসলাম রুহানি প্রমুখ।