কুলাউড়ায় ১০ লাখ টাকার কাঠ জব্দ
Printed Edition
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়ায় বন বিভাগের অনুমোদন ছাড়া অবৈধভাবে কাঠ পাচারের অভিযোগে পুলিশ ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির কাঠ জব্দ করেছে। এ সময় দুইজন কাঠ পাচারকারীকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার ভোরে কুলাউড়া উপজেলার রামপাশা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগ সূত্র জানায়, উপজেলার বিভিন্ন চা-বাগান ও পাহাড়ি এলাকা থেকে চোরাই পথে প্রায় এক হাজার ঘনফুট বিভিন্ন প্রজাতির গাছ কেটে রামপাশা এলাকায় একটি কাঠের মিলের পাশে স্তুপ করে রাখা হয়। সেখানে কাঠ চিরাই করার প্রস্তুতির সময় প্রশাসনের নজরে বিষয়টি আসে।
এরপর কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমল হোসেন ও কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহের নেতৃত্বে পুলিশ ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে জয়চণ্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে শফিক মিয়া (৪৫) এবং রামপাশা গ্রামের মৃত হরগোবিন্দের ছেলে সঞ্জয় তালুকদারকে (৩৮) আটক করা হয়।
কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহ জানান, জব্দকৃত কাঠ কুলাউড়া রেঞ্জ কার্যালয়ে নেয়া হচ্ছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক দুইজনকে মৌলভীবাজার বন আদালতে পাঠানো হবে।