সুনামগঞ্জ-৫ আসনে কলিমউদ্দিনের আয় বেশি, নগদ টাকায় এগিয়ে সালাম

Printed Edition
bangla-4
সুনামগঞ্জ-৫ আসনে কলিমউদ্দিনের আয় বেশি, নগদ টাকায় এগিয়ে সালাম

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে বিএনপি-জামায়াতের প্রার্থীদের মধ্যে বার্ষিক আয় বেশি বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি কলিমউদ্দিন আহমদ মিলনের। তার বার্ষিক আয় পাঁচ লাখ ৬৫ হাজার টাকা হলেও ব্যাংকে তার কোনো টাকা নেই। বার্ষিক আয়ে কলিম উদ্দিন মিলন এগিয়ে থাকলেও নগদ টাকা বেশি আছে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষা মাওলানা আব্দুস সালাম আল মাদানীর। তার কাছে নগদ টাকা ৬০ লাখ।

মনোনয়নপত্রের সাথে জমা দেয়া হলফনামায় প্রার্থীর দেয়া আয় ও সম্পদের বিবরণীতে দেখা গেছে, পেশা ‘ব্যবসায়ী’ উল্লেখ করেছেন কলিম উদ্দিন আহমদ মিলন। জামায়াতে প্রার্থী আব্দুস সালাম মাদানী অবসরপ্রাপ্ত। তবে ব্যবসাও রয়েছে তার।

কলিম উদ্দিন আহমদ মিলনের আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে এক কোটি ৩১ লাখ ১৩ হাজার টাকা। এর মধ্যে বছরে আয় পাঁচ লাখ ৬৫ হাজার টাকা। কৃষিকাজ থেকে আয় ৫০ হাজার ও ব্যবসা থেকে পাঁচ লাখ ১৫ হাজার টাকা। তার কাছে নগদ অর্থ ৩১ লাখ ৯৪ হাজার ৫৪৬ টাকা থাকলেও ব্যাংককে নেই কোনো টাকা। পরিবহন আছে ৯ লাখ ২০ হাজার টাকার। এক লাখ ৫০ হাজার টাকা দামের একটি একটি পিস্তল। ২৫ লাখ টাকা মূল্যের বাড়ি ও ৪ একর অকৃষি জমি এবং মাত্র এক লাখ টাকার স্বর্ণালঙ্কার রয়েছে বলে দেখানো হয়েছে হলফনামায়।

অন্য দিকে, জামায়াত প্রার্থী আব্দুস সালাম আল সালাম মাদানীর আয়কর রিটার্নে সম্পদ দেখানো হয়েছে এক কোটি ১৮ লাখ ১৮ হাজার ১৫৪ টাকা। বছরে আয় চার লাখ ৯২ হাজার ১৪৯ টাকা। বাড়ি, অ্যাপার্টমেন্ট, অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে ভাড়া বাবদ এক লাখ ৮০ হাজার টাকা। ব্যবসা থেকে দুই লাখ ৬০ হাজার টাকা। তার কাছে নগদ অর্থ ৬০ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ ১৭ লাখ ৫৭ হাজার ৬৪ টাকা। পরিবহন ১১ লাখ ১০ হাজার টাকা। স্বর্ণালঙ্কার পাঁচ লাখ ২৫ হাজার টাকা ও ১৭ ডিসিম্যাল অকৃষি জমি রয়েছে তার দখলে।