তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় মেধাবী সম্মাননা

Printed Edition
3rd-5
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় মেধাবী সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো: হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক

ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকায় অনুষ্ঠিত হলো মেধাবী সম্মাননা-২০২৬। গতকাল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ খলিলুর রহমান মাদানী। মাদরাসার সংস্কৃতি বিভাগের আহ্বায়ক মুফতি মাওলানা শরীফুল ইসলাম সুলতানির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো: হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো: নুরুল হক এবং মাদরাসার গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর মো: নুরুন্নবী মানিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদরাসার মুফাসসির আবুল কাশেম গাজী, মুফাসসির জাকির হোসাইন শেখ, মুহাদ্দিস আব্দুল গফফার, মুফতি মহিউদ্দিন, প্রফেসর মিজানুর রশিদ, সাংস্কৃতিক কমিটির সহকারী পরিচালক মাওলানা আব্দুল জব্বার প্রমুখ।

প্রধান অতিথি মো: হাবিবুর রহমান তার বক্তব্যে এ প্রজন্মকে জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে উন্নততর সমাজ গঠনে উদ্বুদ্ধ করেন। আগামীর পৃথিবীর স্বপ্ন বিনির্মাণে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা রাখতে নিজেদের আধুনিকতম জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য উদাত্ত আহ্বান জানান ।

মাদরাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নুরুল হক বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি- সে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সবার ঐক্যবদ্ধ প্রয়াস একান্ত জরুরি। শিক্ষার সব স্তরে ছাত্রছাত্রীদের দায়িত্ববান ও আন্তরিক হতে হবে।

অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত ও বিদেশে স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।