কার মাথায় উঠছে শিরোপার মুুকুট?
ইংলিশ প্রিমিয়ার লিগ
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমের শিরোপার লড়াই শেষ প্রান্তে এসে পৌঁছেছে এক চরম নাটকীয়তায়। পাঁচ ম্যাচ বাকি থাকতে পয়েন্ট টেবিলে সমান অবস্থানে রয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। শীর্ষস্থান নির্ধারণে ব্যবধান গড়ে দিচ্ছে কেবল গোলসংখ্যা, যা লিগ ইতিহাসে অন্যতম উত্তেজনাপূর্ণ সমাপ্তির ইঙ্গিত দিচ্ছে। শেষ পাঁচ ম্যাচে দুই দলেরই কঠিন প্রতিপক্ষ না থাকয় এ পরিস্থিতিতে কোন দল শেষ হাসি হাসবে, কার মাথায় উঠবে শিরোপার মুকুট এ নিয়ে ফুটবলবোদ্ধা, সাংবাদিক, কোচ ও সমর্থকসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের ভবিষ্যদ্বাণী করেছেন।
আর্সেনাল কোচ মাইকেল আর্টেটা এমন পরিস্থিতিকে ‘নতুন লিগ’ হিসেবে আখ্যা দিয়েছেন। তার দল প্রিমিয়ার লিগে টানা ২০৯ দিন শীর্ষে থাকার পর সাম্প্রতিক ছন্দপতনে সেই অবস্থান হারায়। সর্বশেষ মুখোমুখিতে সিটির কাছে ২-১ গোলে হারের পর আর্সেনালের আত্মবিশ্বাসে ধাক্কা লাগে। অন্য দিকে পেপ গার্দিওলার দল সেই জয়ের ধারাবাহিকতায় বার্নলিকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে।
বিবিসি স্পোর্টের ম্যানচেস্টার সিটি প্রতিবেদক শামুন হাফেজ মনে করেন, শেষ পাঁচ ম্যাচে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলবে এবং ফলাফল ওঠানামা করবে। তার বিশ্লেষণ বলছে, দুই দলই একটি করে ড্র করতে পারে এবং শেষ পর্যন্ত গোল ব্যবধান সমান হয়ে যেতে পারে। তবে বেশি গোল করার সূক্ষ্ম ব্যবধানে সিটি শিরোপা জিতবে বলে তিনি ধারণা করছেন। তার মতে, চাপের মুহূর্তে সিটির অভিজ্ঞতা এবং ধারাবাহিকতা বড় ভূমিকা রাখবে। এমনকি তিনি নাটকীয় এক শেষ দিনের দৃশ্যপটও কল্পনা করেছেন, যেখানে শেষ মুহূর্তের গোলে সিটি ট্রফি নিশ্চিত করবে।
অন্যদিকে, আর্সেনাল কাভার করা প্রতিবেদক আলেক্স হাওয়েল মনে করেন, এখনো শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে থাকতে পারে আর্সেনাল। তার মতে, সিটির সূচি তুলনামূলক কঠিন, বিশেষ করে অ্যাওয়ে ম্যাচগুলোতে পয়েন্ট হারানোর ঝুঁকি রয়েছে। তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, আর্সেনাল শেষ পাঁচ ম্যাচের চারটিতে জয় পাবে এবং গোল ব্যবধানের লড়াইয়ে এগিয়ে থেকে শিরোপা জিততে পারে। আক্রমণভাগে মার্টিন অডেগার্ডের সৃজনশীলতা ও নেতৃত্বকে তিনি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে দেখছেন।
সাবেক প্রিমিয়ার লিগজয়ী স্ট্রাইকার ক্রিস সুত্তোনও আর্সেনালের সম্ভাবনাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। ১৯৯৫ সালে শেষ দিনে শিরোপা জয়ের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, শেষ মুহূর্তের চাপ সামলানোই মূল চাবিকাঠি। তার পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আর্সেনাল যেসব দলের মুখোমুখি হবে, তাদের বিপক্ষে আগের লেগে তারা প্রাধান্য দেখিয়েছে। যদিও তিনি সতর্ক করেছেন, সিটির আক্রমণভাগ বিশেষ করে আলিং হালান্ড যেকোনো ম্যাচের গতিপথ বদলে দিতে সক্ষম।
প্রযুক্তিনির্ভর পূর্বাভাসেও রয়েছে ভিন্ন চিত্র। মাইক্রোসফট ক্যাপিটলের বিশ্লেষণে বলা হয়েছে, দুই দলই বাকি পাঁচ ম্যাচে জয় পাবে। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শেষ পর্যন্ত শিরোপা জিতবে সিটি। এটি প্রমাণ করে যে, শিরোপা নির্ধারণে ক্ষুদ্রতম পরিসংখ্যানও বড় ভূমিকা রাখতে পারে।
সমর্থকদের দৃষ্টিভঙ্গিতেও বিভাজন স্পষ্ট। আর্সেনাল সমর্থক লরা ক্রিক বিশ্বাস করেন, তাদের দল ২২ বছরের শিরোপাখরা কাটাতে পারবে। অন্যদিকে সিটি সমর্থক এলিলি ব্রুনট মনে করেন, শেষ দিনের ফলই নির্ধারণ করবে চ্যাম্পিয়ন এবং সেই লড়াইয়ে সিটিই সামান্য এগিয়ে থাকবে।
সব দিক বিবেচনায়, এবারের প্রিমিয়ার লিগ শিরোপা লড়াই দাঁড়িয়েছে অভিজ্ঞতা বনাম ক্ষুধা, ধারাবাহিকতা বনাম সম্ভাবনার এক লড়াইয়ে। সূচি, ফর্ম, গোল ব্যবধান এবং মানসিক দৃঢ়তা সব মিলিয়ে শেষ পর্যন্ত কে ট্রফি জিতবে, তা নির্ধারিত হবে মৌসুমের শেষ মুহূর্তে। ফুটবল বিশ্ব এখন অপেক্ষায় শেষ বাঁশির সাথে কোন দল ইতিহাস গড়বে।