উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ৭ মাসে আরো কমেছে
Printed Edition
বিশেষ সংবাদদাতা
অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-জানুয়ারি সাত মাসে আরো কমেছে। এই সময়ে বাস্তবায়ন হার মাত্র ২১.১৮ শতাংশ। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে। গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এই হার ছিল ২৭.১১ শতাংশ। গতকাল আইএমএমইডি’র সর্বশেষ প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আইএমইডির তথ্য বলছে, চলতি অর্থবছর এডিপির আকার ছিল দুই লাখ ৩৮ হাজর ৬৯৫ কোটি ৬৪ লাখ টাকা। আর অর্থবছরের প্রথম সাত মাসে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে খরচ হয়েছে ৫০ হাজার ৫৫৬ কোটি ২৯ লাখ টাকা। যা মোট বরাদ্দের ২১.১৮ শতাংশ। গত অর্থবছর একই সময়ে খরচ হয়েছিল ৫৯ হাজার ৮৭৬ কোটি ৮৭ লাখ টাকা। যা মোট বরাদ্দের ২১.৫২ শতাংশ। আওয়ামী সরকারের আমলে ২০২১-২২ অর্থবছরের একই সময়ে ব্যয় হয় ৭১ হাজার ৫৩২ কোটি ৯৭ লাখ টাকা। যা মোট বরাদ্দের ৩০.২১ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের শুধু জানুয়ারি মাসে বাস্তবায়নে হার বেড়েছে। এই হার ৩.৬৪ শতাংশ। যা আগের বছরের একই সময়ে ছিল ৩.৫৫ শতাংশ। সার্বিকভাবে বিদেশী অর্থ খরচের হার কমে ২১.৭১ শতাংশে এসেছে। যা আগের পাঁচ বছরের তুলনায় কম। এই সাত মাসে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত ১৫ মন্ত্রণালয় মিলে খরচ করেছে ২৪.৫২ শতাংশ। এর মধ্যে জ্বালানী ও খনিজসম্পদ বিভাগ সর্বোচ্চ ৪০.৬৬ শতাংশ ব্যয় করেছে।