ফুটপাথে ভিড় করছেন মধ্য নিম্নবিত্তরা

আবুল কালাম
Printed Edition

ঈদের সময় যতই ঘনিয়ে আসছে রাজধানীর শপিংমল ও ফুটপাথেও ভিড় ততই বাড়ছে। তবে বিপণিবিতান, শপিংমলে বেশির ভাগ ক্রেতা উচ্চবিত্ত হলেও ফুটপাথে যারা আসছেন তাদের মধ্যে মধ্যবিত্তের একটি অংশ এবং বেশির ভাগই নিম্নবিত্ত মানুষ। তাই এখন ফুটপাথে ভিড় করছেন মধ্য নিম্নবিত্তরা।

রাজধানীর অধিকাংশ ফুটপাথ ঈদ এলে জমজমাট হয়ে ওঠে। ক্রেতা-বিক্রেতার হাঁকডাক আর বাহারি পণ্যের নজড়কাড়া রূপ বিপণিবিতানগুলোর মতো ফুটপাথের ঈদ বাজারগুলোকেও নগরবাসীর মনোযোগের কেন্দ্রবিন্দু করে তোলে।

বিক্রেতারা বলছেন, তাদের বেশির ভাগ ক্রেতা স্বল্প আয়ের মানুষ। ঈদের দু-চার দিন আগে বেতন পেয়ে বাড়ি ফেরার পথে তারা কেনাকাটা করবেন, সেই অপেক্ষায় তারা এতোদিন ছিলেন। কারণ এতোদিন চাকরিজীবীদের বেতন-বোনাসের কারণে ক্রেতা কম ছিল। এখন সময় ঘনিয়ে আসার সাথে ক্রেতা বাড়ছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপচেপড়া ভিড় থাকছে।

রাজধানীর গুলিস্তান, নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনি চক, মৌচাক মার্কেটের সামনের ফুটপাথ ঘুরে দোকানগুলোতে মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়। ক্রেতাদের ভাষ্য ফুটপাথ থেকে কেনাকাটায় ভালো জিনিস পাওয়া যায়। আর দামও কম পড়ে। আর বিক্রেতারা জানান, মার্কেটের কাপড় আর ফুটপাথের কাপড়ের মধ্যে তেমন পার্থক্য নেই। ফুটপাথের দোকানে খরচ কম তাই কম দামে পণ্য বিক্রি করা হয়। নিম্ন আয়ের মানুষের পাশাপাশি অনেক মধ্যবিত্ত ফুটপাথের দোকানে কেনাকাটার জন্য আসেন।

প্রতি বছর রোজার প্রথম সপ্তাহ থেকেই স্বল্প পরিসরে ঈদের কেনাকাটা শুরু হয় অভিজাত বিপণিবিতান বা শপিংমলগুলোতে। সেই সাথে রাস্তার পাশের ভ্রাম্যমাণ দোকান কিংবা টং দোকানগুলোতেও লাগে ঈদবাজারের আমেজ, যেখানে ভিড় করেন স্বল্প আয়ের মানুষ।

গুলিস্তান এলাকায় গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু অ্যাভিনিউ হকার্স সমিতি মার্কেট, গুলিস্তান মোড়ের চারপাশের ফুটপাথ, গোলাপ শাহ মাজার সংলগ্ন ফুটপাথ, জাতীয় গ্রন্থাগারের গলির ফুটপাথের মার্কেটে ক্রেতাদের ব্যাপক আনাগোনা।

বায়তুল মোকাররমের আশাপাশের ফুটপাথগুলোতে ঈদকে কেন্দ্র করে দুই শ’র বেশি নতুন দোকান বসেছে। এর বাইরে সেখানে নিয়মিত দোকান রয়েছে আরো তিন শতাধিক। এসব দোকানে নারী-পুরুষের পোশাক, জুতা, পাঞ্জাবি, টুপি, শিশুদের পোশাক, খেলনা, প্রসাধনী, ব্যাগ সবকিছুই পাওয়া যাচ্ছে।

বিক্রেতারা জানান, তারা সারা বছরই এখানে ব্যবসা করেন। সব সময় বিক্রি হয় গড়পড়তা। তবে ঈদকে কেন্দ্র করে ভালো ব্যবসার আশায় থাকেন। এবারের রমজানের শুরুতে টুকটাক বিক্রি হলেও ১৫ রমজানের পর থেকে ক্রেতাদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। একই সারিতে বসেছে বিভিন্ন ডিজাইনের জুতার দোকান। সেখানে নারী-পুরুষ ও শিশুর জুতা বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। এসব দোকানে ছোটদের শার্ট-প্যান্ট ও টি-শার্টসহ বিভিন্ন পোশাক পাওয়া যায়। তবে ফুটপাথে যারা টং দোকান নিয়ে বসেন, তাদের পোশাকের দাম আবার একটু বেশি।