সোশ্যাল মিডিয়ায় কঠোর সরকারি নজরদারি চান ৬১% আমেরিকান
Printed Edition
রয়টার্স
সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনা ও কম বয়সী শিশুদের এসব প্ল্যাটফর্ম থেকে দূরে রাখতে বয়স যাচাই প্রযুক্তি নিশ্চিতকরণে সরকারের আরো কঠোর বিধিনিষেধ আরোপের পক্ষে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক। রয়টার্স/ইপসোসের এক সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে এসেছে। গত ৩ আগস্ট পর্যন্ত ছয় দিনব্যাপী অনলাইনে পরিচালিত এ জরিপে দেশটির চার হাজার ৫০৫ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন। জরিপের ফলাফলে ভুলের মাত্রা ধরা হয়েছে ২ শতাংশ পয়েন্ট।
তরুণ ব্যবহারকারীদের ওপর ক্ষতিকর প্রভাব ও প্ল্যাটফর্মে আসক্তি তৈরির অভিযোগে মেটা ও গুগলের ইউটিউবের মতো বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যখন আইনি চাপের মুখে রয়েছে, ঠিক তখনই এ জরিপ প্রকাশিত হলো। বিভিন্ন অঙ্গরাজ্যের কৌঁসুলিদের আনা অভিযোগ নিয়ে চলতি সপ্তাহে বিচারকাজ শুরুর কথা রয়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক প্রতিষ্ঠান মেটা অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তবে মামলায় হেরে গেলে তাদের প্রায় ১.৪ ট্রিলিয়ন ডলার জরিমানা হতে পারে। ইতোমধ্যে নিউ মেক্সিকোর একটি আদালত মেটাকে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য তহবিলে ৫৬ কোটি ৭০ লাখ ডলার দেয়ার নির্দেশ দিয়েছেন। একইসাথে শিশুদের ক্ষতির দায় স্বীকার করে কার্যক্রমে পরিবর্তন আনার আদেশ দেন। এ ছাড়া প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে দেশটির ১২টিরও বেশি অঙ্গরাজ্য অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আইনি নিয়ন্ত্রণ আরোপ করেছে।