নতুন কুঁড়ি স্পোর্টস

১ লাখ ৬০ হাজার প্রতিযোগী

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আশির দশকের নতুন কুঁড়ি। এর মাধ্যমে উঠতি শিল্পীদের খুঁজে বের করা হতো। বর্তমান সরকার এখন ক্রীড়ায় এই নতুন কুঁড়ি কর্মসূচি পালন করতে যাচ্ছে। নতুন কুঁড়ি স্পোর্টস নামে অনূর্ধ্ব-১২-১৪ বছর বয়সীদের এই আসরে ৮টি ডিসিপ্লিনে লড়বেন ছেলে ও মেয়ে খেলোয়াড়রা। ২ মে সিলেট স্টেডিয়ামে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে দিন একই সাথে সারা দেশের সব স্টেডিয়ামে হবে খেলাগুলো। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট এই ডিসিপ্লিনগুলোতে অংশ নিতে অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন মোট এক লাখ ৬০ হাজার ৭৭৯ জন। এর মধ্যে কিশোর এক লাখ ১৬ হাজার ৬৪৬ জন। আর কিশোরী ৪৪ হাজার ১১৩ জন। গতকাল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

উঠতি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ১৫ হাজার ৩২৪ জন আবেদন করেছেন সিলেট থেকে। এরপরই চট্টগ্রাম জেলার অবস্থান ( ৯৩০৫)। তৃতীয় স্থানে ঢাকার খেলোয়াড়রা ( ৮৮৯৬)। ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ও চূড়ান্ত পর্ব এই ধাপে ধাপে হবে বাছাই পর্ব। এরপর চূড়ান্ত বাছাইকৃতদের ভর্তি করানো হবে বিকেএসপিতে। ঢাকায় এই বাছাই শুরু হবে ওয়ার্ড থেকে। এই প্রক্রিয়ায় সমগ্র বাংলাদেশকে ১০টি জোনে ভাগ করা হয়েছে। এগুলো হলো- ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ। খেলোয়াড় বাছাই ছাড়াও এই প্রক্রিয়া একই সাথে মাদকমুক্ত সমাজ গড়ারও একটি উদ্যোগ। খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় কোনো স্বজনপ্রীতি যাতে না হয় সে দিকে কঠোর নজরদারি থাকছে।