৪ সেন্টিমিটার চওড়া নদী!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

চীনের উত্তরের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে এমন একটি নদী আছে, যাকে দেখে নালা বা ছোট ড্রেন মনে হবে। কিন্তুএটি আসলে বিশ্বের সবচেয়ে সরু নদী নাম ‘হুয়ালাই’। এক লাফেই অনায়াসে এই নদী পার হওয়া যায়।

হুয়ালাই নদীর দৈর্ঘ্য প্রায় ১৭ কিলোমিটার হলেও এর গড় প্রস্থ মাত্র ১৫ সেন্টিমিটার। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, এর সব চেয়ে সরু পয়েন্টটি মাত্র ৪ সেন্টিমিটার চওড়া! অর্থাৎ একটি নোটবুক অনায়াসে এই নদীর ওপর সেতু হিসেবে কাজ করতে পারে।

ফলে স্বভাবতিই মনে প্রশ্ন জাগতে পারে, এটাকে কেন নদী বলা হবে? চীনা বিশেষজ্ঞদের মতে, কোনো নদী হওয়ার জন্য যতটুকু বৈশিষ্ট্য প্রয়োজন, হুয়ালাই তার সবই ধারণ করে।

নদীটি গত ১০ হাজার বছর ধরে একই গতিপথে প্রবহমান। এটি ভূগর্ভস্থ ঝরনা থেকে উৎপন্ন হওয়ায় সারা বছরই এতে স্বচ্ছ পানি প্রবাহিত হয়। নদীটির একটি স্পষ্ট ড্রেনেজ বেসিন ও প্লাবনভূমি রয়েছে, যা একে একটি পূর্ণাঙ্গ নদীর স্বীকৃতি দিয়েছে।

যদিও নদীটির গভীরতা গড়ে প্রায় ৫০ সেন্টিমিটার, তবে এর পানি অত্যন্ত স্বচ্ছ ও নির্মল। হেক্সিগট্যান গ্রাসল্যান্ড ন্যাচার রিজার্ভের ভেতর দিয়ে বয়ে গিয়ে এই পানি দালাই নুর লেকে গিয়ে মিশেছে। স্থানীয় কৃষকরা সেচের কাজে এই পানি ব্যবহার করেন এবং বুনো প্রাণীদের তৃষ্ণা মেটাতেও হুয়ালাই নদীর স্বচ্ছ স্রোত এক অবিচ্ছেদ্য উৎস। ইন্টারনেট।